২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুন্দরবনে আবার আগুন

এক সপ্তাহের ব্যবধানে সুন্দরবনে মঙ্গলবার আবার আগুন লেগেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Mar 2011, 07:41 PM

Updated : 24 Aug 2022, 02:39 PM

বাগেরহাট, মার্চ ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এক সপ্তাহের ব্যবধানে সুন্দরবনে মঙ্গলবার আবার আগুন লেগেছে। সুন্দরবন পূর্ব বিভাগের চাঁদপাই রেঞ্জের নাপিতখালী এলাকায় বিকাল ৫টার দিকে বনকর্মীরা বনের ভেতরে ধোঁয়া উঠতে দেখে আগুনের সন্ধান পান। বন বিভাগের কর্মকর্তারা জানান, চাঁদপাই রেঞ্জের নাংলি ক্যাম্পসহ সংলগ্ন গুলিশাখালী, কলমতেজী, আমুরবুনিয়া ক্যাম্প ও ধানসাগর স্টেশন থেকে বনকর্মীদের সহায়তায় রাতেই আগুন নেভানোর কাজ শুরু হয়েছে। বুধবার সকালে বাগেরহাট ও মোরেলগঞ্জ থেকে আরো বনকর্মী ও দমকলের ইউনিট ঘটনাস্থলে পাঠানো হবে। এর আগে গত মঙ্গলবার নাংলি ক্যাম্প এলাকায় আরেকটি স্থানে আগুন লেগেছিল। দুই দিন চেষ্টার পর দমকল বিভাগের সহযোগিতায় বনকর্মীরা আগুন নেভায়। সুন্দরবন পূর্ব বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মিহির কুমার দো বিডিনিউজ টোয়েন্টিফোর ডটককে বলেন, আগুন লাগার খবর পেয়ে নাংলিসহ সংলগ্ন বিভিন্ন ক্যাম্প থেকে বনকর্মীদের আগুন নেভাতে সেখানে পাঠানো হয়েছে। তিনি আরো বলেন, এবারের ঘটনাস্থলটি গত মঙ্গলবারের ঘটনাস্থল থেকে প্রায় আড়াই কিলোমিটার দূরে। তবে বনের কতটুকু স্থানে আগুন ছড়িয়েছে বা আগুন লাগার কারণ সম্পর্কে এখনও জানা যায়নি। বুধবার ভোরে তিনি ঘটনাস্থলে যাবেন বলে এই বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান। গত দশ বছরে পূর্ব সুন্দরবনের মরা ভোলা নদী সংলগ্ন কয়েকটি এলাকায় অন্তত ১৩টি অগ্নিকাণ্ডের ঘটনায় প্রায় ৪৩ একর বন পুড়ে যায়। এর মধ্যে ২০০৭ সালের মার্চ মাসে নাপিতখালী ও পচাকুড়ালিয়া এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনায় প্রায় আট একর বন পুড়েছিল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২০৩৪ ঘ.