জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, মার্চ ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শান্তিতে নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসকে গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের পদ থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ৭৫ জন শিক্ষক।
জাতীয়তাবাদী ফোরামের এই শিক্ষকদের বিবৃতিতে বলা হয়, নির্বাচনী ওয়াদা পুরণে ব্যর্থ বর্তমান মহাজোট সরকার প্রতিহিংসা ও ঈর্র্ষার বশবর্তী হয়ে সুপরিকল্পিতভাবে ড. মুহাম্মদ ইউনূসকে গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের পদ থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
বিবৃতিদাতা শিক্ষকদের মধ্যে রয়েছেন, বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও অর্থনীতি বিভাগের বর্তমান শিক্ষক অধ্যাপক খন্দকার মুস্তাহিদুর রহমান, অধ্যাপক মো. এনামুল হক খান, অধ্যাপক শাহাবুদ্দিন কবীর চৌধুরী, অধ্যাপক মো. শামছুল আলম, অধ্যাপক সৈয়দ মোহাম্মদ কামরুল আহসান, অধ্যাপক মোজাম্মেল হক, অধ্যাপক মো. মফিজুল কবির, অধ্যাপক সোহেল রানা, মোহাম্মদ মাফরুহী সাত্তার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/২৩৪৪ ঘ.
bdnews24