ঢাকা, মার্চ ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্ক্র্যাপ জাহাজ আমদানির অনুমতি দিয়েছে হাইকোর্ট। সেইসঙ্গে দুই মাসের মধ্যে জাহাজ ভাঙার বিধিমালা চূড়ান্ত করারও নির্দেশ দেওয়া হয়।
সোমবার বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি শেখ মো. জাকির হোসেনের বেঞ্চ এই আদেশ দেয়।
জাহাজা ভাঙার বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা চেয়ে শিপ ব্রেকার্স অ্যাসোসিয়েশনের এক আবেদনে আদালত জাহাজ ভাঙার অনুমতি দিলেও বেশ কিছু শর্ত জুড়ে দিয়েছে।
আদালত বলেছে, জাহাজ ভাঙার জন্য প্রয়োজনীয় সব যন্ত্রপাতি নিয়ে আসতে হবে। শ্রমিকদের আড়াই মাসের প্রশিক্ষণ প্রদানের পাশাপাশি নিরাপদে কাজের প্রয়োজনীয় উপকরণ সরবরাহ করতে হবে। প্রশিক্ষণের মধ্যে ১৫ দিন তত্ত্বীয় এবং বাকী দুই মাস ব্যবহারিক।
শিপ ব্রেকার্স অ্যাসোসিয়েশনকে ওই প্রশিক্ষণের ব্যয় বহন করতে বলা হয়।
এছাড়াও ১৮ বছরের কম বয়সী কাউকে শ্রমিক হিসাবে নিয়োগ দেওয়া যাবে না বলেও আদালত নির্দেশ দিয়েছে।
নিরাপদে বর্জ্য ধ্বংসের জন্য আদালত শিপ ব্রেকার্সদের ল্যান্ড ফিল্ড সাইট করতে বলেছে।
আদেশে আরো বলা হয়, জাহাজ ভাঙার কাজ তদারকে প্রতিটি শিপ ব্রেকিং ইয়ার্ডে একজন করে মেরিন প্রকৌশলী নিয়োগ করতে হবে। এ খাতে নিয়োজিত শ্রমিকদের তালিকা প্রস্তুত করে এর কপি শ্রম মন্ত্রণালয়, পরিবেশ অধিদপ্তরের লেবার ইন্সপেক্টরকে প্রদান করতে বলা হয়েছে।
শিপ ব্রেকার্স অ্যাসোসিয়েশনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রোকনউদ্দিন মাহমুদ ও অ্যাডভোকেট আনিসুল হক।
বাংলাদেশ পরিবেশ আইনজীবী সমিতির পক্ষে সৈয়দা রিজওয়ানা হাসান শুনানিতে অংশ নেন।
গত ১৯ জানুয়ারি হাইকোর্ট এক স্বপ্রণোদিত আদেশে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জাহাজ ভাঙার উপর নিষেধাজ্ঞা আরোপ করে।
১৮ জানুয়ারি ম্যাক কর্পোরেশন নামে একটি শিপইয়ার্ডে দুর্ঘটনায় চার শ্রমিক নিহত হয়। এ ঘটনা নিয়ে একটি জাতীয় দৈনিকে ১৯ জানুয়ারি প্রকাশিত প্রতিবেদন আদালতের নজরে আনলে ওই নিষেধাজ্ঞা জারি করে আদালত।
এর আগে গত ১৫ ডিসেম্বর অপর এক আদেশে উচ্চ আদালত বিধিমালা প্রণীত না হওয়া পর্যন্ত স্ক্র্যাপ জাহাজ আমদানির উপরও নিষেধাজ্ঞা আরোপ করেছিল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/এইচএ/২২৩০ ঘ.
bdnews24