চট্টগ্রাম, মার্চ ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দলীয় সভানেত্রীর নির্দেশ অগ্রাহ্য করে ৭ মার্চ উপলক্ষে নগর আওয়ামী লীগের বিবদমান দুইপক্ষের নেতা-কর্মীরা পৃথক কর্মসূচি পালন করেছে।
এ উপলক্ষে সোমবার বিকালে নগর আওয়ামী লীগ সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরী ও তার অনুসারীরা লালদীঘি ময়দানে জনসভা করে।
অন্যদিকেত তার বিরোধী পক্ষ সহ-সভাপতি নুরুল ইসলাম বিএসসি'র অনুসারীরা দোস্ত বিল্ডিংয়ে আলাদা সভা করে।
২৬ ফেব্র"য়ারি সার্কিট হাউজে চট্টগ্রাম আওয়ামী লীগের নেতাদের সঙ্গে এক বৈঠকে নগর কমিটির দুইপক্ষের নেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার নির্দেশ দেন দলের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নেতাদের মাঝে দূরত্ব কমিয়ে আনতে তিন জ্যেষ্ঠ নেতাকে ওইদিন দায়িত্বও দেওয়া হয়।
কিন্তু এর কোনো তোয়াক্কা না করে দু'পক্ষই ৭মার্চের কর্মসূচি পৃথকভাবে পালন করল। উভয় পক্ষ নগর আওয়ামী লীগের ব্যানারেই জনসভা ও আলোচনা অনুষ্ঠানের আয়োজন করে।
মহিউদ্দিন অনুসারীদের জনসভায় তিনি ছাড়া অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাবেক গণপরিষদ সদস্য ইসহাক মিয়া, নগর সাধারণ সম্পাদক কাজী ইনামুল হক দানু, সহ-সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী, যুগ্ম সম্পাদক খোরশেদ আলম সুজন, সাবেক ছাত্রলীগনেতা আ জ ম নাছির উদ্দিন প্রমুখ।
চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, দক্ষিণ জেলা সভাপতি সাংসদ আখতারুজ্জামান চৌধুরী বাবু, উত্তর জেলা সভাপতি ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, দক্ষিণ জেলার সাধারণ সম্পাদক মোসলেম উদ্দিন আহমদ ও উত্তর জেলার সাধারণ সম্পাদক এম এ সালাম বক্তব্য রাখার কথা থাকলেও তাদের কেউই আসেন নি।
এদের অনুপস্থিতি সম্পর্কে ইনামুল হক দানু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ঢাকায় ৭ মার্চের কেন্দ্রীয় অনুষ্ঠানের কারণে আহমদ হোসেন ও সংসদীয় স্থায়ী কমিটির সভা থাকায় আখতারুজ্জামান চৌধুরী বাবু জনসভায় আসতে পারেন নি।
জনসভায় মহিউদ্দিন চৌধুরী হিংসা-বিদ্বেষ ভুলে গিয়ে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
তিনি আরো বলেন, "ভেদাভেদ ভুলে সংগঠনকে শক্তিশালী করতে হবে। ভেদাভেদ ভুলে মানুষকে আপন করে নিতে চাই।"
প্রধান অতিথি ইসহাক মিয়া বলেন, বড় সংগঠনে কিছু ধাক্কাধাক্কি, কাঁদা ছোড়াছুড়ি হয়। সবাই ঐক্যবদ্ধ থাকবেন বলে তিনি আশা প্রকাশ করেন।
অপরদিকে দোস্ত বিল্ডিংয়ে নুরুল ইসলাম এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আফসারুল আমীনের অনুসারীদের সভায় বক্তব্য রাখেন যুগ্ম সাধারণ সম্পাদক ইব্রাহীম হোসেন বাবুল, সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম চৌধুরী, কোষাধ্যক্ষ আবদুচ ছালাম প্রমুখ। তবে ওই দুই নেতার কেউই উপস্থিত ছিলেন না।
দলীয় সভানেত্রীর নির্দেশ সত্ত্বেও পৃথক সভা আয়োজন প্রসঙ্গে যুগ্ম সাধারণ সম্পাদক ইব্রাহিম হোসেন বাবুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "নেত্রী ঐক্যের যে নির্দেশ দিয়েছেন তার প্রক্রিয়া এখনো শুরু হয়নি। তাই যার যার অবস্থানে আছি।"
মহিউদ্দিন অনুসারীদের জনসভায় তাদের আমন্ত্রণ জানানো হয়েছিল কি না জানতে চাইলে তিনি বলেন, "দূরত্ব এখনো কমেনি। তাই দাওয়াত দেয়নি। দলের বিষয়ে সবার আন্তরিকতা আছে। পাছে লোকে কিছু বলে এ লজ্জায় যাইনি।"
গত দুই বছরেরও বেশি সময় ধরে নগর আওয়ামী লীগের রাজনীতিতে মহিউদ্দিন ও নুরুল ইসলামের বিরোধ চলে আসছে। গত অক্টোবর থেকে বিরোধ প্রকাশ্য রূপ নেয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/এমসি/এইচএ/২১২৭ ঘ.
bdnews24