২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশিদের ফেরাতে ফ্লাইট চালাবে বিমান

রাজনৈতিক অস্থিরতার কারণে লিবিয়া ছেড়ে তিউনিসিয়া ও মিশরে আশ্রয় নেওয়া বাংলাদেশিদের ফিরিয়ে আনতে ফ্লাইট চালু করবে বাংলাদেশ বিমান। এছাড়া যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) মাধ্যমে ৫০ লাখ ডলার দেবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Mar 2011, 02:57 PM

Updated : 24 Aug 2022, 02:39 PM

ঢাকা, মার্চ ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজনৈতিক অস্থিরতার কারণে লিবিয়া ছেড়ে তিউনিসিয়া ও মিশরে আশ্রয় নেওয়া বাংলাদেশিদের ফিরিয়ে আনতে ফ্লাইট চালু করবে বাংলাদেশ বিমান। এছাড়া যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) মাধ্যমে ৫০ লাখ ডলার দেবে। বেসামরিক বিমান চলাচল ও পর্যটন সবিচ শফিক আলম মেহেদী সোমবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমরা আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছ থেকে আনুষ্ঠানিক অনুরোধ পেয়েছি। আমি বিমান কর্তৃপক্ষকে এ ব্যাপারে যথাযথ পদক্ষেপ নিতে বলেছি।" কবে থেকে এসব ফ্লইট চালু হবে জানতে চাইলে সচিব জানান, বিমান কর্তৃপক্ষই তা চূড়ান্ত করবে। পশ্চিম আফ্রিকার দেশ লিবিয়ায় গত তিন সপ্তাহ ধরে রাজনৈতিক অস্থিরতা ও সহিংসতা চলার প্রেক্ষপটে হাজার হাজার বাংলাদেশি লিবিয়া থেকে তিউনিসিয়া ও মিশরে আশ্রয় নিয়েছেন। প্রবাসী কল্যাণমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন রোববার জাতীয় সংসদে জানান, অন্তত ১৭ হাজার বাংলাদেশি লিবিয়া থেকে পালিয়ে তিউনিসিয়া এবং আরো ১০ হাজার মিশরে আশ্রয় নিয়েছেন। এদের মধ্যে পাঁচশ থেকে সাড়ে পাঁচশ বাংলাদেশি প্রতিদিনই লিবিয়া দেশে ফিরে আসছেন। আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) ও বিদেশি চাকরিদাতাদের ব্যবস্থাপনায় দেশে ফিরছেন তারা। এদিকে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত জেমস এফ মরিয়ার্টি সোমবার জানিয়েছেন, তিউনিসিয়ায় আটকা পড়া বাংলাদেশিদের ফিরিয়ে আনতে সহযোগিতা দেবে তার সরকার। যুক্তরাষ্ট্র দূতাবাসের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৫০ লাখ ডলারের এই সাহায্য দেওয়া হবে আইওএমের মাধ্যমে। এই অর্থে আটকা পড়া বাংলাদেশিদের জন্য ত্রাণ সরবরাহ ও তাদের ফিরিয়ে আনতে ফ্লাইটের ব্যবস্থা করা আইওএমের জন্য সহজ হবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএসজেড/জেকে/২০৫৭ ঘ.