২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'স্থগিত পৌরসভার নির্বাচন মে মাসে'

যেসব পৌরসভার নির্বাচন স্থগিত রাখা হয়েছিল, আগামী মে মাসে সেগুলোর ভোট গ্রহণ হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Mar 2011, 01:49 PM

Updated : 24 Aug 2022, 02:39 PM

বরিশাল, ০৭ মার্চ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যেসব পৌরসভার নির্বাচন স্থগিত রাখা হয়েছিল, আগামী মে মাসে সেগুলোর ভোট গ্রহণ হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন। ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে সোমবার বরিশাল জেলা প্রশাসকের কার্যালয়ে বিভাগীয় আইন শৃঙ্খলা পরিস্থিতি বিষয়ক মতবিনিময় সভায় তিনি এ কথা জানান। নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী, চলতি মার্চ থেকে মে পর্যন্ত ইউনিয়ন পরিষদ নির্বাচন হবে। ইউপি নির্বাচন ব্যাহত কিংবা নির্বাচনে প্রভাব বিস্তারের চেষ্টা হলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়ে সাখাওয়াত মতবিনিময় সভায় বলেন, "কোনো কেন্দ্রে যদি হত্যা, অপহরণ ও ব্যালট ছিনতাইয়ের মতো ঘটনা ঘটলে তার দায়িত্ব আইন-শৃঙ্ঘলা বাহিনীকে নিতে হবে।" সাখাওয়াত বলেন, ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে পুলিশের সঙ্গে বর্ডার গার্ড ও র‌্যাব মোতায়েন থাকবে। এছাড়া কোস্টগার্ডও নির্বাচনী কেন্দ্রের নিরাপত্তায় দায়িত্ব পালন করবে। বরিশালের জেলা প্রশাসক এস এম আরিফ-উর রহমানের সভাপতিত্বে অন্যদের মধ্যে বিভাগীয় কমিশনার আবু হেনা মো. রহমাতুল মুনিম, বরিশাল বিভাগীয় উপ-মহা পরিদর্শক (ডিআইজি) আব্দুর রহিম, বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার তৌফিক উদ্দিন আহম্মেদসহ সংশ্লিষ্ট জেলা প্রশাসক, পুলিশ সুপার, উপজেলা ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং নির্বাচন কমিশনের কর্মকর্তারা মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/জেকে/১৯৪৫ ঘ.