২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দেশে মোবাইল গ্রাহক ৭ কোটি

দেশে নিবন্ধিত চালু মোবাইল ফোন গ্রাহক সংখ্যা প্রায় সাত কোটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Feb 2011, 12:37 PM

Updated : 24 Aug 2022, 02:36 PM

ঢাকা, ফেব্র"য়ারি ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশে নিবন্ধিত চালু মোবাইল ফোন গ্রাহক সংখ্যা প্রায় সাত কোটি। জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে রোববার ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী রাজিউদ্দিন আহমেদ রাজু এ কথা জানান। ফেনী-৩ আসনের সাংসদ মুহাম্মদ মোশাররফ হোসেনের এক প্রশ্নের জবাবে রাজু জানান, বর্তমানে দেশে নিবন্ধিত চালু মোবাইল গ্রাহক সংখ্যা ছয় কোটি ৯৭ লাখ। এর মধ্যে গ্রামীণফোনের গ্রাহক সংখ্যা তিন কোটি। বাংলালিংকের গ্রাহক সংখ্যা এক কোটি ৯৭ লাখ। রবি'র গ্রাহক সংখ্যা এক কোটি ৩০ লাখ। এয়ারটেলের (সাবেক ওয়ারিদ) গ্রাহক সংখ্যা ৪০, সিটিসেলের ১৮ এবং টেলিটকের গ্রাহক সংখ্যা ১২ লাখ। নেত্রকোণা-১ আসনের সাংসদ মোশতাক আহমেদ রুহী'র এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত জানান, অসত্য ঘোষণার মাধ্যমে গ্রামীণফোন বেশ কয়েকটি পণ্য চালান খালাস নেওয়ার অপচেষ্টা চালালে শুল্ক কর্মকর্তারা তা রোধ করে প্রযোজ্য শুল্ক কর আদায় করেন। মন্ত্রী আরো জানান, এই বিষয়টি ২০০৬ সালের। এদিকে, মোশতাক আহমেদ রুহীর লিখিত প্রশ্নের জবাবে রাজু বলেন, নতুন ইন্টারন্যাশনাল গেট ওয়ে (আইজিডব্লিউ) লাইসেন্সের গাইডলাইন প্রণয়নের কাজ চলছে। খসড়া গাইডলাইন বিষয়ে গত জানুয়ারি ৬ তারিখে মন্ত্রণালয়ে অংশীদারদের মতামত নেওয়া হয়। এ বিষয়ে বিশেষজ্ঞ ও আগ্রহীদের মতামত নেওয়া হচ্ছে। সহসাই গাইডলাইন চূড়ান্ত করে লাইসেন্স দেওয়ার কাজ শুরু হবে। এর আগে মোশতার আহমেদ রুহী তার প্রশ্নে বলেন, "এটা সত্য কি না- পাঁচ মাসে গ্রামীণ ফোনের ৩২টি আমদানী পণ্যের চালান আটক করে ঢাকা কাস্টমস হাউজ কর্তৃপক্ষ জরিমানাসহ প্রায় ৭০ কোটি টাকার শুল্ক ফাঁকির চাঞ্চল্যকর ঘটনা উদঘাটন করেছে?" লক্ষ্মীপুর-১ আসনের সাংসদ নাজিম উদ্দিন আহমেদের প্রশ্নের জবাবে ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী রাজিউদ্দিন আহমেদ রাজু বলেন, সরকারি মালিকানাধীন বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেড (বিটিসিএল) ল্যান্ড টেলিফোন, ইন্টারনেট, বৈদেশিক টেলিযোগাযোগসহ অন্যান্য টেলিসেবা দিচ্ছে। চলতি অর্থবছরের প্রথম পাঁচ মাসে বিটিসিএল'র আয়ের পরিমাণ হচ্ছে চার'শ ৩৪ কোটি ৭২ লাখ ১৮ হাজার এক'শ ৫০ টাকা। এর মধ্যে স্থানীয়ভাবে আদায় হয়েছে এক'শ ৯৮ কোটি ১০ লাখ ৬৭ হাজার চার'শ ৩৫ টাকা এবং বৈদেশিক আদায়ের পরিমাণ দু'শ ৩৬ কোটি ৬১ লাখ ৫০ হাজার সাত'শ ১৫ টাকা। লক্ষ্মীপুর-৩ আসনের সাংসদ শহীদ উদ্দীন চৌধুরী এ্যানির প্রশ্নের জবাবে রাজু বলেন, 'গ্রামীণ ডাক সার্ভিস উন্নয়ন' প্রকল্পের আওতায় ২৯ কোটি ৪৩ লাখ ৬৩ হাজার টাকা ব্যয়ে পাঁচ'শ ২৫টি নতুন ডাকঘর নির্মাণ করা হয়েছে। আরো ১শ ১৬টি ডাকঘর নির্মাণ করা হবে। এছাড়া ১০ কোটি ৩ লাখ ৮৪ হাজার টাকা ব্যয়ে ৬০টি জরাজীর্ণ ডাকঘর সংস্কার করা হয়েছে এবং আরো ৪৪টি ডাকঘর সংস্কার করা হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এমএইচসি/পিডি/১৮৩০ ঘ.