ঢাকা, ফেব্র"য়ারি ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকারি এক সংস্থার বুড়িগঙ্গার অংশ ভরাট করে বাস্তবায়নাধীন প্রকল্প বন্ধ ও জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর।
বুড়িগঙ্গা নদীর অংশ ভরাট করে সড়ক তৈরি করার কারণে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরকে (এলজিইডি) চার লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে ভরাট কাজে ব্যবহৃত বুলডোজারও জব্দ করা হয়েছে।
পরিবেশ অধিদপ্তরের পরিচালক (এনফোর্সমেন্ট) মোহাম্মদ মুনীর চৌধুরী বুধবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানান। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলীকে (ঢাকা) তলব করে এ দণ্ড দেন তিনি।
তিনি বলেন, জরিমানা ছাড়াও প্রকল্পের কাজ বন্ধ করে দেওয়া হয়েছে। এলজিইডিকে পরিবেশগত প্রভাব নিরূপণ (ইআইএ) রিপোর্ট জমা দিতে জন্য বলা হয়েছে।"
নদী/জলাশয় ভরাট করে পরিবেশের ক্ষতিসাধনের দায়ে এই প্রথম একটি সরকারি সংস্থাকে জরিমানা করা হলো বলে জানান ওই কর্মকর্তা।
মুনীর চৌধুরী জানান, সাভারের ভাকুর্তা এলাকায় তৃতীয় বুড়ীগঙ্গা সেতুর পশ্চিমাংশে ঢাকা-আরিচা মোগড়াকান্দা-মোহাম্মদপুর শহর রক্ষা বাধের আওতায় এ সড়ক নির্মাণে পরিবেশ অধিদপ্তরের অনুমতি নেওয়া হয়নি। এ প্রকল্পে সাত লাখ ঘনফুট বালি ফেলে প্রায় চারশ ফুট দীর্ঘ জলাশয়ের অংশ ভরাট করা হয়েছে।
এ কার্যক্রমে পরিবেশগত প্রভাব নিরূপণ (ইআইএ) করেনি এলজিইডি যা পরিবেশ আইনে বাধ্যতামূলক।
"মঙ্গলবার ঢাকার সাভার থানার ভাকুর্তা এলাকায় পরিবেশ অধিদপ্তরের এক বিশেষ এনফোর্সমেন্ট অভিযানে জলাশয় ভরাটের এ ঘটনা উদঘাটন করা হয়," বলেন তিনি।
পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, বালি ভরাটের কারণে ঐ এলাকায় নদীর পানির প্রবাহ আবদ্ধ হয়ে পড়েছে। স্থানীয় গ্রামবাসীরা জানায়, নদীর এ অংশে ব্যাপক দখল ও দূষণের কারণে নদীর নাব্যতা হ্রাস এবং মৎস্য সম্পদের ব্যাপক ক্ষতি হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/পিডি/১৯২৬ ঘ.
bdnews24