বরিশাল, ২২ ফেব্র"য়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভোলা থেকে বরিশালে গ্যাস সরবরাহ এবং কুয়াকাটাকে পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলাসহ দক্ষিণাঞ্চলের উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
দক্ষিণাঞ্চলের মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে প্রধানমন্ত্রী বলেন, "আপনারা ভোট দিয়ে আমাদের প্রতি যে সম্মান দেখিয়েছেন আমরা তার প্রতিদান দেবো। এ অঞ্চল অবহেলিত থাকবে না। এই বছরের মধ্যে ভর্তিসহ বিশ্ববিদ্যালয়ের সকল কার্যক্রম শুরু হবে। পুরো দক্ষিণাঞ্চলকে উন্নয়নের মাধ্যমে বিশ্বের কাছে তুলে ধরা হবে।"
মঙ্গলবার বিকাল সাড়ে ৩টার দিকে শহীদ আবদুর রব সেরনিয়াবাত সেতুর পাদদেশে বরিশাল জেলা ও মহানগর আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী এই কথা বলেন।
তিনি বলেন, শস্যভাণ্ডার হিসেবে পরিচিত বরিশালকে আবারো খাদ্যে স্বয়ং সম্পূর্ণ করা হবে। এজন্য বরিশালের লবণাক্ত অঞ্চলে ধানসহ সব ধরনের ফসল ফলাতে প্রযুক্তিগত পরীক্ষা-নিরীক্ষা চলছে।
বরিশালবাসীর বিভিন্ন দাবির পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী বলেন, "দক্ষিণাঞ্চল সর্বদা অবহেলিত। আমাদের সরকার ক্ষমতায় থাকলে এই অঞ্চলের মানুষের সকল দাবি পুরণ করা হবে। পর্যায়ক্রমে বরিশালে নির্মাণ করা হবে আধুনিক শিশু হাসপাতাল, মেরিন ইউনিভার্সিটি, আরো দুটি সরকারি স্কুল, বরিশাল-খুলনা মহাসড়কের কচা নদীর উপর বেকুটিয়া সেতু, বরিশাল-ভোলা সড়কের কালাবদর নদীতে সেতু, বরিশাল-পটুয়াখালী সড়কের পায়রা নদীতে লেবুখালী সেতু।"
বরিশালে জাহাজ নির্মাণ ও ভাঙ্গা শিল্প গড়ে তোলার আশ্বাস দিয়ে শেখ হাসিনা বলেন, "বরিশাল সিটি কর্পোরেশন এলাকার সড়ক ও সৌন্দর্য্য বর্ধনের লক্ষ্যে অর্থ বরাদ্দসহ বরিশাল-ফরিদপুর মহাসড়ককে চার লেনে উন্নীত এবং কালেক্টরেট ভবনকে যাদুঘরে রূপান্তর করা হবে।"
"প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে সভা করে আমি জানতে পেরেছি এই অঞ্চলে জলদস্যুদের উপদ্রব বেশি। তাই তাদের বিরুদ্ধে দ্রুত সময়ের মধ্যে ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশ দিয়েছি", বলেন প্রধানমন্ত্রী।
রাজধানী থেকে কুয়াকাটায় সহজেই যাতে পর্যটকরা যেতে পারেন সেজন্য সব ধরনের ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়ে প্রধানমন্ত্রী বলেন, গত আওয়ামী লীগ সরকারের আমলে সারা দেশে ৬২ হাজার কিলোমিটার কাঁচা পাকা সড়ক নির্মাণ করা হয়েছে। বর্তমান সরকারের দুই বছরে তিন হাজার ৪৩৮ কিলোমিটার মহাসড়ক, চার হাজার ২২২ কিলোমিটার আঞ্চলিক সড়ক, ১৩ হাজার ২৪৮ কিলোমিটার জেলা সড়ক উন্নয়ন ও রক্ষণাবেক্ষণের আওতায় এনে কাজ শুরু করা হয়েছে।
বিগত চারদলীয় জোট সরকারকে সন্ত্রাস, লুটপাট ও দুনীতিবাজের সরকার আখ্যা দিয়ে প্রধানমন্ত্রী বলেন, দুনীতি, লুটপাট ও অর্থ পাচার করে নিজেরা আঙ্গুল ফুলে কলা গাছ হয়েছে। দেশের জনগণকে বঞ্চিত করে নিজেদের ভাগ্য পরিবর্তন করেছে। দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা হতে পারেনি। জোট সরকারের সন্ত্রাসী বাহিনীর অত্যাচারে এই অঞ্চলের ২৫ হাজার পরিবার ঘরবাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছিলো।
যারা বর্তমান সরকারের কর্মকাণ্ডের সমালোচনা করে তাদের উদ্দেশ্যে করে শেখ হাসিনা বলেন, ২০০১ সালে জোট সরকার ক্ষমতায় আসার পর তারা দুই বছরে কি করেছে এবং বর্তমান সরকার দুই বছরে কি কাজ করেছে তা মিলিয়ে দেখুন।
বরিশাল সিটি করপোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগের আহবায়ক শওকত হোসেন হিরণের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে আরো বক্তব্য রাখেন- শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, ধর্ম প্রতিমন্ত্রী মো. শাহজাহান মিয়া প্রমুখ।
সকাল ১০টা ৫০ মিনিটে বিমান বাহিনীর দুটি বিশেষ হেলিকপ্টারে বরিশাল পৌঁছেন প্রধানমন্ত্রী। তার সঙ্গে ছিলেন শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ, যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন, আ'লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য তোফায়েল আহমদ, আমির হোসেন আমুসহ কয়েকজন।
দুপুর ১২টার দিকে বরিশাল নগরীতে বরিশাল শিক্ষা বোর্ডের নতুন ভবন ও শহীদ আবদুর রব সেরনিয়াবাত টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।
এরপর তিনি সার্কিট হাউসে প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।
দুপুর ৩টায় প্রধানমন্ত্রী বরিশাল-পটুয়াখালী মহাসড়কের কীর্তনখোলা নদীর উপর নবনির্মিত শহীদ আবদুর রব সেরনিয়াবাত সেতু (দপদপিয়া) উদ্ধোধন করেন।
এরপর প্রায় এক কিলোমিটার দীর্ঘ সেতু পার হয়ে কীর্তনখোলা নদীর অপর পাড়ে সদর উপজেলার চরকাউয়া ইউনিয়নের কর্ণকাঠীতে বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০২৯ ঘ.
bdnews24