খুলনা, ফেব্র"য়ারি ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - খুলনা নগরীর নুরনগর ছোট বয়রা এলাকার একটি খামারে বার্ড ফ্লু সংক্রমণ নিশ্চিত হওয়ার পর প্রায় দেড় হাজার মুরগি নিধন করা হয়েছে। ধ্বংস করা হয়েছে অন্তত চারশ' ডিম।
জেলা প্রাণিসম্পদ বিভাগ খামারটির আশপাশের এক কিলোমিটারকে সংক্রমিত এলাকা ঘোষণা করে সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে।
প্রাণিসম্পদ বিভাগ জানায়, সোমবার রাতে বয়রার আনোয়ার পোল্ট্রি ফার্মের এক হাজার ৩০৯টি মুরগি নিধন এবং ৩৭১টি ডিম ধ্বংস করে মাটি চাপা দেওয়া হয়েছে।
জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. নিজাম উদ্দিন সাংবাদিকদের জানান, শনিবার হেদায়েত হোসেনের মালিকানাধীন আনোয়ার পোল্ট্রি খামারে মুরগি মারা যাওয়ায় স্থানীয় পরীক্ষাগারে নমুনা পরীক্ষা করে প্রাথমিকভাবে বার্ড ফ্লু সনাক্ত করা হয়।
নিশ্চিত হওয়ার জন্য পরদিন বরিশালে অবস্থিত আঞ্চলিক রোগ অনুসন্ধান গবেষণাগারে নমুনা পাঠানো হয়। ওইদিন রাতে তারা বার্ড ফ্লু নিশ্চিত করে প্রতিবেদন দেয়।
এর পরিপ্রেক্ষিতে সোমবার দুপুরে জেলা প্রশাসক মো. জমসের আহাম্মদ খন্দকারের সভাপতিত্বে জরুরি সভা করে খামারটির মুরগি নিধনের সিদ্ধান্ত নেওয়া হয়। বিষয়টি জানানো হয় প্রাণিসম্পদ অধিদপ্তরকে। অনুমোদন পাওয়ার পর রাতেই নিধন অভিযান চালানো হয়।
ডা. নিজাম জানান, নিধন অভিযানের সময় তিনি ছাড়াও উপস্থিত ছিলেন প্রাণিসম্পদ বিভাগের বিভাগীয় উপ-পরিচালক ডা. মৃণাল কান্তি মিত্র, নির্বাহী ম্যাজিস্ট্রেট দিলরুবা শারমীন, সিভিল সার্জনের প্রতিনিধি ডা. মো. আতিয়ার রহমান প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৯০০ ঘ.
bdnews24