সাভার, ফেব্র"য়ারি ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকার সাভারে এক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি, অনিয়ম ও সাংবাদিকদের মিথ্যা মামলায় হয়রানীর অভিযোগে স্থানীয় সাংবাদিকরা মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন।
সোমবার বিকালে এ কর্মসূচি পালন করে সাভারের অর্ধশত সংবাদকর্মী। বিকেল ৪টার দিকে সাভার বাজার বাসস্ট্যান্ডের ওভারব্রিজের নিচে মানববন্ধন শেষে মিছিল করে ঢাকা-আরিচা মহাসড়কের বিভিন্ন পয়েন্ট প্রদক্ষিণ শেষে সিটি সেন্টারের সামনে সমাবেশ করেন তারা।
সমাবেশে বক্তারা বলেন, আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুস সাত্তার শাক দিয়ে মাছ ঢাকতে সাংবাদিকের বিরুদ্ধে সাজানো মামলা করেছেন। বক্তারা অবিলম্বে একুশে টিভির সাভার প্রতিনিধি নাজমুল হুদার বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারেরও দাবি জানান।
দৈনিক ফুলকি সম্পাদক নাজমুস সাকিবের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশ বক্তব্য দেন, বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনের (ক্র্যাব) সাবেক যুগ্ম সম্পাদক ও ভোরের কাগজের জ্যেষ্ঠ প্রতিবেদক কামরুজ্জামান খান, এনটিভির নিজস্ব প্রতিনিধি জাহিদুর রহমান, সমকালের নিজস্ব প্রতিবেদক গোবিন্দ আচার্য্য, মানবজমিনের নিজস্ব প্রতিবেদক হাফিজ উদ্দিন, বিটিভির সাভার প্রতিনিধি গোলাম মোস্তফা, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম'র সাভার প্রতিনিধি সেলিম আহমেদ প্রমুখ।
একুশে টিভির সাভার প্রতিনিধি নাজমূল হুদা বলেন, গত শনিবার সকালে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুস সাত্তারের গেন্ডা এলাকার বাড়িতে তার বিভিন্ন দুর্নীতি, জমিদখল ও নানা অনিয়মের ওপর 'একুশের চোখ' অনুসন্ধানী প্রতিবেদন তৈরি করতে যান তিনি। এসময় তার পরিবার ও ভাড়াটে সন্ত্রাসীদের হাতে লাঞ্ছিত হন একুশে টিভির বিশেষ প্রতিনিধি হারুন উর রশিদ। এ সময় স্থানীয় প্রতিনিধি হিসেবে তিনিও সঙ্গে ছিলেন।
নাজমুল অভিযোগ করেন, এরপরই ঘটনাটি ধামাচাপা দিতে ওই দারোগার ছেলে মাসুদ রানা সাজু বাদী হয়ে ওই রাতেই সাভার থানায় চাঁদাবাজি, ভাংচুর, লুটপাট ও শ্লীলতাহানীর অভিযোগে নাজমূল হুদা ও তার দুই ভাই কামরুল ইসলাম ও হাসানের বিরুদ্ধে সাভার থানায় মামলা করেন।
এ প্রসঙ্গে কথা বলতে আব্দুস সাত্তারের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/পিডি/২২১৮ ঘ.
bdnews24