২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাগেরহাটে বাস উল্টে খাদে, নিহত ২

বাগেরহাট-খুলনা মহাসড়কের টাউন নওয়াপাড়া মোড়ে যাত্রীবাহী একটি বাস খাদে পড়ে দুই জন নিহত ও ২৫ জন আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Feb 2011, 01:36 PM

Updated : 24 Aug 2022, 02:33 PM

বাগেরহাট, ফেব্র"য়ারি ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাগেরহাট-খুলনা মহাসড়কের টাউন নওয়াপাড়া মোড়ে যাত্রীবাহী একটি বাস খাদে পড়ে দুই জন নিহত ও ২৫ জন আহত হয়েছে। বাগেরহাট মহাসড়ক পুলিশের (হাইওয়ে পুলিশ) উপ-পরিদর্শক (এসআই) দ্বীন মোহম্মদ জানান, মাদারীপুর থেকে খুলনাগামী যুঁথী পরিবহণের যাত্রীবাহী বাসটি সোমবার দুপুর ১২টার দিকে টাউন নওয়াপাড়া মোড়ে বাঁক নেওয়ার সময় উল্টে গিয়ে রাস্তা থেকে ছিটকে খাদে পড়ে যায়। হতাহতরা সবাই বাসযাত্রী। আহতদের মধ্যে তিন জনকে বাগেরহাটের ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পনের জনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাস চালক পালিয়ে গেছে। পুলিশ নিহতদের মধ্যে এক জনের নাম জানতে পেরেছে। তিনি হলেন সাতক্ষীরার শ্যামনগর উপজেলার আবাসচন্দ্রপুর গ্রামের মৃত নওশের আলীর ছেলে আবুল হোসেন (৫০)। অপর নিহত মেয়ে শিশুর (১৪) নাম জানা যায়নি। আবুল হোসেনের লাশ বাগেরাহট সদর হাসপাতাল মর্গে এবং মেয়েটির লাশ খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। স্থানীয় লোকজনের সহযোগিতায় পুলিশ আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। এ সময় ঘটনাস্থল থেকে আবুল হোসেনের মৃতদেহ উদ্ধার করা হয়। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যায় মেয়ে শিশুটি। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আহতদের মধ্যে পাঁচ জনের অবস্থা আশঙ্কাজনক বলে এসআই দ্বীন মোহম্মদ জানিয়েছেন। এই দুর্ঘটনায় ফকিরহাট থানায় মামলার প্রস্তুতি চলছিলো। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/১৯২৯ ঘ.