সিলেট, ফেব্র"য়ারি ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিলেটের বালাগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কে ট্রাকের চাপায় একটি অটোরিকশার পাঁচ যাত্রী নিহত হয়েছে।
সোমবার সকাল সাড়ে ১১টার দিকে বালাগঞ্জের ওসমানীনগর থানার সোয়ারগাঁও এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
নিহতরা হলেন- হবিগঞ্জের বানিয়াচং উপজেলার ঝিটগা গ্রামের বাসিন্দা, ওসমানী নগরের ঘোষগাঁও মহিলা মাদ্রাসার শিক্ষক এখলাছুর রহমান (৪২), শায়েস্তাগঞ্জের সুচীউড়া গ্রামের আব্দুল আজিজ (৩০), ওসমানী নগরের বেড়াখাল গ্রামের হামদু মিয়া (৪৭), রহমতপুর গ্রামের আখলিছ আলী (৩৫) ও মুতিয়ারগাঁও গ্রামের ছুরুক মিয়া (৩৫)।
মহাসড়ক পুলিশের তামাবিল ফাঁড়ির উপপরিদর্শক সোহরাব হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সিলেটগামী সিএনজি অটো রিকশাটিকে বিপরীতমুখী একটি ট্রাক চাপা দেয়। এতে পাঁচ জন ঘটনাস্থলেই মারা যায়।
পুলিশ ট্রাকচালক বিমল দাসকে (৫০) আটক করেছে।
লাশগুলো ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে পুলিশ কর্মকর্তা সোহরাব জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৪৪০ ঘ.
bdnews24