নেত্রকোনা, ফেব্র"য়ারি ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জল মহালের দখল নিয়ে নেত্রকোনার মোহনগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ২০ জন গুলিবিদ্ধ হয়েছে।
রোববার মোহনগঞ্জ উপজেলার বরান্তর এলাকায় এই সংঘর্ষের সময় দুই পক্ষের মধ্যে অন্তত ২৫ রাউন্ড গোলাগুলি হয় বলে পুলিশ ও স্থানীয়রা জানিয়েছে।
স্থানীয়রা জানায়, মরাধনু জলমহাল নিয়ে খালিয়াজুরী উপজেলার বানোয়াইর গ্রামের রাজীবপুর সমবায় সমিতির সঙ্গে মোহনগঞ্জের বরান্তর মৎস্যজীবী সমিতির বিরোধ চলে আসছিলো।
এরই জের ধরে বাজীবপুর সমবায় সমিতির লোকজন অস্ত্রশস্ত্র নিয়ে ধনু নদীর পশ্চিম পাড়ে বরান্তর মৎস্যজীবী সমিতির লোকজনের ওপর হামলা চালায়। এতে দুপক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়।
জয়নাল নামের একজন প্রত্যক্ষ্যদর্শী সাংবাদিকদের জানান, বরান্তর মৎস্যজীবী সমিতির নেতৃত্ব দেন রব্বানী খাঁ। মিঠু খাঁ নেতৃত্ব দেন রাজীবপুর সমবায় সমিতি।
সংঘর্ষের সময় তিনটি নৌকা ভাংচুর হয়।
এছাড়া বরান্তর গ্রামের ফুলমিয়ার ছেলে শেকুল মিয়াকে (২৪) প্রতিপক্ষের লোকজন ধরে নিয়ে গেছে বলেও অভিযোগ পাওয়া গেছে।
গুলিবিদ্ধদের মধ্যে আল-আমিন (২৪), সুজাত মিয়া (৪০) ও সোহেল মিয়াকে (২০) ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এছাড়া কাছাকাছি এলাকা হওয়ায় মদন উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে হাবিব মিয়া (২৫), জয়নাল (৩০), দীন ইসলাম (২৫), সাইফুল (৩৫), কমল (৪০), নয়ন (৩৯), মতি (৩৮), আজহার (২৫), শাহ আলম (৩০), হারেছ (২০), নূর আলম (২৪), নজরুল (৩৫), সিদ্দিক (৪০), কুদ্দুস (২২), বকুল মিয়া (৪০) ও আব্দুস সালামকে (৩৫)।
মদন হাসপাতালের চিকিৎসক ডা. ইকবাল আহম্মেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, হাসপাতালে ১৬ জনকে চিকিৎসা দেওয়া হচ্ছে।
মোহনগঞ্জ থানার ওসি শেখ সালাউদ্দিনের জানান, মরাধনুর জলমহাল নিয়ে গোলাগুলির ঘটনা ঘটেছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ গেছে বলে তিনি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১০৬ ঘ.
bdnews24