২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাঙ্গামাটিতে সড়ক ও নৌপথ অবরোধ

লংগদুতে পাহাড়িদের গ্রামে হামলার প্রতিবাদে ইউপিডিএফ'র ডাকে শনিবার রাঙামাটিতে অর্ধদিবস সড়ক ও নৌপথ অবরোধ আংশিক পালিত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Feb 2011, 12:38 PM

Updated : 24 Aug 2022, 02:33 PM

রাঙামাটি, র্ফেরয়ারি ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- লংগদুতে পাহাড়িদের গ্রামে হামলার প্রতিবাদে ইউপিডিএফ'র ডাকে শনিবার রাঙামাটিতে অর্ধদিবস সড়ক ও নৌপথ অবরোধ আংশিক পালিত হয়েছে। এদিকে ইউনাইটেড পিপল্স ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) এক বিবৃতিতে দাবি করেছে- সড়ক ও নৌপথ অবরোধ কর্মসূচি চলাকালে সেনাবাহিনীর সদস্যরা কুতুকছড়িতে লোকজনকে মারধর করেছে। এছাড়া সেনা সদস্যরা সাত গ্রামবাসীকে আটক করে পুলিশে সোর্পদ করেছে। ইউপিডিএফ রাঙামাটি শাখার নেতা সোনা মনি চাকমা স্বাক্ষরিত এক বিবৃতিতে অভিযোগ করা হয়, সড়ক অবরোধ বানচাল করতে সকালে সেনাবাহিনীর একটি দল কুতুকছড়ির খামার পাড়া এলাকায় গ্রামবাসীদের মারধর করলে ১০ জন আহত হয়। এছাড়া শুক্রবার রাতে কুতুছড়ির হেডম্যান পাড়া ও মধ্যপাড়ায় সেনা সদস্যদের লাঠিপেটায় ১১ জন আহত হয় বলেও বিবৃতিতে দাবি করা হয়। বিবৃতিতে আরো বলা হয়, সেনা ও ভিডিপি সদস্যরা কুতুকছড়ি বাজারে পাহাড়িদের দোকানে ব্যাপক লুটপাট, ভাঙচুর করে, ইউপিডিএফ কার্যালয়ের সাইনবোর্ড নামিয়ে দেয়, কার্যালয়ের কম্পিউটার, হ্যান্ড মাইক, আলমিরা ভাঙচুর করে, কাগজপত্র নিয়ে যায়। আহতদের মধ্যে মঙ্গল রাজ চাকমা, রিন্টু চাকমা, বিধান চাকমা, তুংগ মনি চাকমা, সুজন চাকমা, রূপায়ণ চাকমা ও চিত্ত রাজ চাকমাকে রাঙ্গামাটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। এদিকে কোতয়ালি থানার উপ-পরিদর্শক নাসির উদ্দীন শরীফ বলেন, শুক্রবার কুতুছড়িতে ভিডিপি সদস্যদের ওপর হামলার ঘটনায় ভিডিপি কমান্ডার ইউসুফ আলী বাদী হয়ে একশ' জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। এই মামলায় আটক সাতজন হলেন- দীপ্তি লাল চাকমা, রাজেন্দ্র চাকমা, রূপ মনি চাকমা, রবিজয় চামকা, অনিময় চাকমা, জয় কমল চাকমা ও প্রাণ লাল চাকমা। শনিবার তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। লংগদুতে বৃহস্পতিবার পাহাড়িদের ঘরবাড়িতে অগ্নিসংযোগের প্রতিবাদে ইউপিডিএফ নেতাকর্মীরা কুতুকছড়িতে বিক্ষোভ-মিছিল বের করে শুক্রবার সকালে। এতে বাধা দিলে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সঙ্গে ইউপিডিএফ সদস্যদের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৮২৯ ঘ.