২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১৪ স্থানে বড় পর্দায় খেলা দেখাবে ডিসিসি

টিকিট যারা পাননি, তাদের জন্য রাজধানীর ১৪টি স্থানে বড় পর্দা স্থাপন করে বিশ্বকাপের খেলা দেখানোর ব্যবস্থা করেছে ঢাকা সিটি কর্পোরেশন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Feb 2011, 03:29 PM

Updated : 24 Aug 2022, 02:32 PM

ঢাকা, ফেব্র"য়ারি ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নিরাপত্তার কড়াকড়ি বা ভুভুজেলা নিয়ে প্রবেশে কোন বাধা এখানে নেই। টিকেট দেখানোর প্রয়োজন নেই। চাইলেই দু'টাকার বাদাম কিনে যে কেউ এই মাঠে ঢুকে উপভোগ করতে পারবেন বিশ্বকাপ ক্রিকেট খেলা। মূল ম্যাচ চলবে স্টেডিয়ামে। আর হাজারো দর্শক এই মাঠে সেই ম্যাচ দেখতে পাবেন সিনেমা হলের মত বড় পর্দায়। ঢাকা সিটি কর্পোরেশন (ডিসিসি) রাজধানীর ১৪টি স্থানে প্রজেক্টরের মাধ্যমে বড় পর্দায় সরাসরি বিশ্বকাপ ক্রিকেটের সব খেলা দেখানোর আয়োজন করেছে। আবাহনী ক্লাব, সিটি ক্লাব, ওরিয়েন্টাল ক্লাব, উত্তরা ফ্রেন্ডস ক্লাব মাঠ, বাসাবো, সিদ্ধেশ্বরী, মোহাম্মদপুর টাউন হল, ধুপখোলা, মিরপুর-১৪, আনসার ক্যাম্প ও ইন্দিরা রোড মাঠে এবং সায়েদাবাদ, গাবতলী, মহাখালী বাস টার্মিনালে বসানো হচ্ছে এই বড় পর্দা। ঢাকা সিটি কর্পোরেশনের মেয়র সাদেক হোসেন খোকা বিডিনিউজ টোয়েন্টিফোর ডকটমকে বলেন, "টিকেট কেটে স্টেডিয়ামে যেতে না পারার আক্ষেপ কিছুটা হলেও মেটাবে বড় পর্দার এই উম্মুক্ত প্রদর্শণী। দর্শকরা বড় পর্দায় সরাসরি খেলা দেখে স্টেডিয়ামের আমেজই উপভোগ করতে পারবেন। ইতিমধ্যে এই প্রদর্শণীর কারিগরি সব প্রস্তুতি চুড়ান্ত জানিয়ে তিনি বলেন, "জনসাধারণের চাহিদার প্রয়োজনে প্রদর্শণীর স্থান আরো বাড়ানোর পরিকল্পনাও সিটি কর্পোরেশনের রয়েছে।" এ ছাড়াও বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানের উদ্যোগে মতিঝিল, কাকরাইল, গুলশান-১ ও ২ নং চত্ত্বর, মিরপুর-১, বনানী, উত্তরা, ধানমণ্ডি, কারওয়ান বাজার ও মহাখালীর খোলা মাঠে এলইডি পর্দায় খেলা দেখানোর ব্যবস্থা থাকবে। বড় পর্দায় বিশ্বকাপের খেলা প্রদর্শণীর সমন্বকারী ও ঢাকা সিটি কর্পোরেশনের সৌন্দর্য্য বর্ধণ কমিটির সদস্য সচিব বিপন কুমার সাহা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, প্রদর্শণীর জন্য দৈর্ঘ্যে-প্রস্থে ১২ ফুট এবং দৈর্ঘ্যে ৭ ও প্রস্থে ১০ ফুট- এই দুই পরিমাপের বড় পর্দা থাকবে। তিনি জানান, মহল্লায় মহল্লায় স্থানীয় উদ্যোগেও খেলা দেখানোর অনেক ব্যবস্থা রয়েছে। ভুভুজেলা আর ঢোলবাদ্য নিয়ে মোহাম্মদপুর টাউন হলে বড় পর্দায় খেলা দেখার প্রস্তুতি নিয়েছেন মোহাম্মদপুরেরই বাসিন্দা রাফিউল সামি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, "বন্ধুরা মিলে এখানেই খেলা দেখব। নিজ দেশের ক্রিকেট বিশ্বকাপ উপভোগে মুখিয়ে আছি আমরা।" অনেক চেষ্টা করেও স্টেডিয়ামে খেলা দেখার টিকেট পাননি জানিয়ে তিনি বলেন, "ভালই হয়েছে। স্টেডিয়ামে ভুভুজেলা আর ঢোলবাদ্য নিতে পারতাম না। এসব ছাড়া কি খেলা জমে!" ধানমণ্ডির বাসিন্দা জাভেদ রহমান বলেন, বাসায় ৩২ ইঞ্চি টিভি রয়েছে। কিন্তু খোলা মাঠে বন্ধু-বান্ধব নিয়ে হইহুল্লোড় আর উল্লাসে এমন আনন্দ বাসায় হয় না। তাই আবাহনী মাঠে খেলা দেখব। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএডি/কেএমএস/২১২০ ঘ.