ঢাকা, ফেব্র"য়ারি ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সঠিক ইতিহাস লেখার জন্য আইনি হস্তক্ষেপের প্রয়োজন রয়েছে মন্তব্য করে আইন মন্ত্রী শফিক আহমেদ বলেছেন, আইন কখনো কখনো ইতিহাস রক্ষায় এগিয়ে এসেছে।
বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি মিলনায়তনে 'ইতিহাস ও ঐতিহ্য' বিষয়ে আর্ন্তজাতিক সম্মেলন-২০১১ এর উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী এ কথা বলেন। শুক্রবার এক সরকারি তথ্য বিবরণীতে এ কথা জানানো হয়।
ইতিহাস একাডেমী এ সম্মেলনের আয়োজন করে।
আইনমন্ত্রী বলেন, "১৯৭১ সালে ২৫ মার্চ মধ্যরাতে ২৬ মার্চের শুরুতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ডাক দেন। তৎকালীন ইপিআর ও রেডিওর মাধ্যমে তার এ ঘোষণা প্রচারিত হয়। হাসান হাফিজুর রহমানের মুক্তিযুদ্ধের দলিলপত্র গ্রন্থে ২০০৩ সাল পর্যন্ত এ সঠিক ইতিহাসই লেখা ছিল।
"কিন্তু ২০০৪ সালে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় ঐতিহাসিক এ তথ্য বিকৃত করে জিয়াকে স্বাধীনতার ঘোষক হিসেবে উল্লেখ করে মুক্তিযুদ্ধের দলিলপত্র পুনর্মুদ্রণ করে। মুক্তিযুদ্ধের দলিলপত্রের তৃতীয় খণ্ডের প্রথম পাতায় বিকৃত এ তথ্য অন্তর্ভুক্ত করা হয়।"
আইন মন্ত্রী অরো বলেন, "বিকৃত তথ্য পরিবেশন করায় শেষ পর্যন্ত আইনের আশ্রয় নিতে হলো। সুপ্রিম কোর্ট দেশ-বিদেশ থেকে পাওয়া তথ্য-প্রমাণ বিশ্লেষণ করে ইতিহাস সঠিকভাবে লেখার নির্দেশনা দিল এবং ২০০৪ সালে পুনর্মুদ্রিত বাংলাদেশের স্বাধীনতার দলিলপত্রের তৃতীয় খণ্ডের প্রথম পাতায় জিয়াকে স্বাধীনতার ঘোষক হিসেবে উল্লেখ অবৈধ ঘোষণা করা হলো।"
তিনি জানান, মেজর জিয়াকে স্বাধীনতার ঘোষক উল্লেখ করে যেসব পুস্তকে বিকৃত তথ্য উপস্থাপিত হয়েছিল, সেগুলোও বাজেয়াপ্ত করার নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট।
শফিক আহমেদ বলেন, সংবিধান পরিবর্তনের ক্ষমতা আদালতের নেই, সংবিধান পরিবর্তন করে সংসদ। তবে বেআইনিভাবে সংবিধান পরিবর্তনকে অবৈধ ঘোষণা করার ক্ষমতা উচ্চ আদালতের আছে। পঞ্চম সংশোধনী সংক্রান্ত রায়ের মাধ্যমে সুপ্রিম কোর্ট সংবিধান পরিবর্তন করেনি, শুধু সংবিধানের অবৈধ অংশটুকু বাতিল করেছে। ওই রায়ের আলোকেই সংবিধান পুনমুদ্রিত হয়েছে।
ইতিহাস একাডেমীর সভাপতি প্রফেসর ড. কে এম মোহসীনের সভাপতিত্বে অনুুষ্ঠানে একাডেমীর নির্বাহী পরিচালক প্রফেসর সামিনা সুলতানা বক্তব্য রাখেন।
মূল প্রবন্ধ উপস্থাপন করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামী ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক এমিরেটাস ড. এ কে এম ইয়াকুব আলী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/জেকে/২০২৪ ঘ.
bdnews24