২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝিনাইদহে কথিত বন্দুকযুদ্ধে দুজন নিহত

ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলায় র‌্যাব ও পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে দুজন নিহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Feb 2011, 04:48 AM

Updated : 24 Aug 2022, 02:32 PM

ঝিনাইদহ, ফেব্র"য়ারি ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলায় র‌্যাব ও পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে দুজন নিহত হয়েছে। শুক্রবার ভোররাতে জয়ন্তিনগর গ্রামে কালী নদীর ধারে এ 'বন্দুকযুদ্ধ' হয়। ঘটনাস্থল থেকে কিছু অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে বলে র‌্যাব জানিয়েছে। নিহতরা হলেন- কুষ্টিয়া জেলার ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানার শান্তিডাঙ্গা গ্রামের আব্দুর রশিদ মোল্লার ছেলে মশিউর রহমান ওরফে মধু ওরফে মিষ্টি (৩১) এবং ঝিনাইদহ জেলার হরিণাকুণ্ডু উপজেলার পদ্মনগর গ্রামের গোপাল বেপারীর ছেলে দুলাল বেপারী ওরফে দুলাল কসাই (৩৩)। র‌্যাব জানায়, মশিউর চরমপন্থী সংগঠন গণবাহিনীর দ্বিতীয় প্রধান এবং দুলাল একই সংগঠনের আঞ্চলিক নেতা ছিলেন। র‌্যাব-৬ এর ঝিনাইদহ ফাঁড়ির অধিনায়ক মেজর শাখাওয়াৎ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জয়ন্তিনগর গ্রামে কালী নদীর ধারে একদল চরমপন্থী বৈঠকের খবর পেয়ে রাত ৩টা ২৫ মিনিটে র‌্যাব ও পুলিশের একটি যৌথ টহল দল সেখানে অভিযান চালায়। চরমপন্থীদের চ্যালেঞ্জ করলে তারা র‌্যাব- পুলিশকে লক্ষ্য করে গুলি চালালে উভয়পক্ষের মধ্যে ১৫-২০ মিনিট 'বন্দুকযুদ্ধ' চলে। "এক পর্যায়ে চরমপন্থীরা পালিয়ে গেলে ঘটনাস্থল থেকে মশিউর রহমান ও দুলালকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করা হয়। শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।" ঘটনাস্থল থেকে একটি নাইন এমএম পিস্তল, একটি শটগান, একটি ৩০৩ রাইফেল, একটি শাটারগান ও নয় রাউন্ড গুলি উদ্ধার করা হয় বলে জানান সাখাওয়াৎ। র‌্যাব জানিয়েছে, বিভিন্ন থানায় মশিউরের বিরুদ্ধে হত্যার অভিযোগে চারটিসহ সাতটি এবং দুলালের বিরুদ্ধে হত্যার অভিযোগে দুটিসহ চারটি মামলা রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমআই/১০৪৫ ঘ.