২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আদমশুমারি: চট্টগ্রামে কর্মশালা অনুষ্ঠিত

আদমশুমারি ও গৃহগণনা ২০১১ উপলক্ষে চট্টগ্রামে বিভাগীয় কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Feb 2011, 09:16 AM

Updated : 24 Aug 2022, 02:32 PM

চট্টগ্রাম, ফেব্রুয়ারি ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আদমশুমারি ও গৃহগণনা ২০১১ উপলক্ষে চট্টগ্রামে বিভাগীয় কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো আয়োজিত এ কর্মশালায় চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলার প্রশাসক, পুলিশ, র‌্যাব, নৌবাহিনী ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) শামছুল আলম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিভাগীয় কমিশনার সিরাজুল হক খান। কর্মশালায় জানানো হয়, এবার আদমশুমারি কার্যক্রম পরিচালনার জন্য সারাদেশে প্রায় চার লাখ লোক কাজ করবেন। এদের মধ্যে জেলা জরিপ সমন্বয়কারী ১৩০ জন, থানা জরিপ সমন্বয়কারী পাঁচশ ৩০ জন, আঞ্চলিক কর্মকর্তা দুই হাজার ৭০০ জন, সুপারভাইজার ৫০ হাজার ও তথ্য সংগ্রহকারী তিন লাখ ১০ হাজার। আগামী ১৫ মার্চ থেকে ১৯ মার্চ পর্যন্ত মূল গণনা চলবে বলে জানান শামছুল আলম চৌধুরী। তিনি বলেন, ১৫ মার্চ রাতে যে ব্যক্তি যেখানে থাকবেন তাকে সেখানেই গণনা করা হবে। 'ডবল কাউন্ট' পরিহারের জন্য বসত বাড়িতে গুনার সময় জানতে চাওয়া হবে পরিবারের অনুপস্থিত সদস্য ১৫ মার্চ রাতে কোথায় ছিলেন। হাসপাতাল, রেল স্টেশন, বিমানবন্দর, সেনানিবাসেও গণনা কার্যক্রম পরিচালনা করা হবে বলে জানান শামছুল আলম। প্রধান অতিথির বক্তব্যে সিরাজুল হক খান বলেন, "গণনা কার্যক্রম পরিচালনার জন্য গঠিত কমিটিতে উপজেলা চেয়ারম্যানদের সভাপতি ও নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) সমন্বয়ক করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/এমসি/এএল/কেএমএস/১৫১৫ ঘ.