ঝিনাইদহ, ফেব্র"য়ারি ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় বোমা বিস্ফোরণে সন্দেহভাজন দুই সন্ত্রাসী আহত হয়েছে।
মঙ্গলবার রাতে চর যাদবপুর গ্রামে এ ঘটনা ঘটে। গ্রামবাসী আহত দুজনকে মারধরের পর পুলিশে দিয়েছে।
আহতরা হলেন- কুষ্টিয়ার মিরপুরের রাধানগর গ্রামের ইমরুল হোসেন ও আলমডাঙ্গার চরযাদবপুর গ্রামের আমিরুল ইসলাম।
আলমডাঙ্গা থানার ওসি আহসান হাবিব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "রাত ৯টার দিকে গ্রামের একটি পান বরজের পাশে সন্ত্রাসীদের দেখে বরজ পাহারাদারদের সন্দেহ হয়। পরে গ্রামবাসী জড়ো হয়ে সন্ত্রাসীদের তাড়া করে। এ সময় সন্ত্রাসীরা গ্রামবাসীর দিকে বোমা ছোড়ে। কিন্তু বোমায় সন্ত্রাসীরা নিজেরাই আহত হয়।"
দুজনের কাছে আরো দুটি তাজা বোমা উদ্ধার করা হয় বলে পুলিশ জানিয়েছে।
আহতদের গ্রেপ্তারের পর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এমআই/১৬২৫ ঘ.
bdnews24