২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএসএফ সদস্যের লাশ ফেরত দিল বাংলাদেশ

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার সীমান্ত এলাকায় পাওয়া ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর এক সদস্যের লাশ ফেরত দিয়েছে বাংলাদেশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Feb 2011, 01:59 PM

Updated : 24 Aug 2022, 02:31 PM

কুড়িগ্রাম, ফেব্র"য়ারি ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার সীমান্ত এলাকায় পাওয়া ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর এক সদস্যের লাশ ফেরত দিয়েছে বাংলাদেশ। সোমবার বেলা ১২টার দিকে বাঘভাণ্ডার সীমান্তে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের পর লাশ হস্তান্তর করা হয়। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) ইউনিফরম পরা জওয়ান সন্তু কুমার শিং-এর লাশ রোববার সীমান্ত পিলার ৯৮৭ এর পাশের শালঝোড় এলাকার দুধকুমোর নদী থেকে উদ্ধার করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। পতাকা বৈঠকে বিজিবি'র দিয়াডাঙ্গার কোম্পানি কমান্ডার মকবুল হোসেন ও ভূরুঙ্গামারী থানার ওসি মো. কফিল উদ্দিন এবং বিএসএফের পক্ষে ভারতের সাহেবগঞ্জ কোম্পানি কমান্ডার জার্নাল শিং ও তুফানগঞ্জ থানার ইন্সপেক্টর বি ছিতরা উপস্থিত ছিলেন। ২৭ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মো. আব্দুর রাজ্জাক তরফদার বলেন, পুলিশ লাশের সুরতহাল রিপোর্ট তৈরির পর কুড়িগ্রাম সদর হাসপাতালে ময়নাতদন্ত হয়। এরপর লাশ হস্তান্তর করা হয়। ময়নাতদন্তকারী দলের সদস্য ডা. অজয় কুমার রায় বলেন, সন্তু কুমার শিংয়ের মৃত্যুর কারণ জানা যায়নি। তার শরীরে গুলি বা আঘাতের কোনো চিহ্ন ছিল না। তাই ভিসেরাসহ রিপোর্ট দেওয়া হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৯৪১ ঘ.