ঢাকা, ফেব্র"য়ারি ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আভ্যন্তরীণ নৌপথে পণ্য পরিবহন বিষয়ে বাংলাদেশ ও ভারতের ইনল্যান্ড ওয়াটার ট্রানজিট অ্যান্ড ট্রেড (আইডব্লিউটিটি) চুক্তি এক বছরের জন্য নবায়ন করা হয়েছে।
ভারতের গোয়ায় রোববার শেষ হওয়া দুুদিনব্যাপী সচিব পর্যায়ের বৈঠকে এ সিদ্ধান্ত হয়।
নৌ পরিবহন মন্ত্রণালয়ের সচিব আব্দুল মান্নান হাওলাদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ভারত এ বিষয়ে পাঁচ বছরের চুক্তি করার প্রস্তাব দিয়েছিল। কিন্তু আগামী বছর ৩১ মার্চ এ চুক্তির মেয়াদ শেষ হবে।"
গোয়ায় অনুষ্ঠিত বৈঠকে আরো বেশ কিছু বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।
সচিব বলেন, "আশুগঞ্জ নদীবন্দর থেকে কলকাতা পর্যন্ত পণ্য পরিবহনের ক্ষেত্রে মাশুল নির্ধারণের জন্য বৈঠকে একটি যৌথ কমিটি গঠনের সিদ্ধান্ত হয়েছে। মাশুল নির্ধারণের পর আশুগঞ্জ বন্দরকে পুরোপুরি সচল করার জন্য আরেকটি কমিটি করা হবে।"
আব্দুল মান্নান জানান, তারা ইতোমধ্যে এ বিষয়ে জাতীয় রাজস্ব বোর্ডের ছাড়পত্র পেয়েছেন। এরপর যৌথ কমিটি যে সুপারিশ দেবে সে অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
গত বছরের জানুয়ারিতে নয়াদিল্লি সফরের সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতীয় প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের যৌথ ইশতেহারের আলোকে বাংলাদেশ সরকার আশুগঞ্জকে 'পোর্ট অব কল' ঘোষণা করে।
ভারত দীর্ঘদিন ধরে আশুগঞ্জ নদীবন্দর ব্যবহার করে কলকাতা থেকে ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে পণ্য পরিবহনের জন্য ট্রানজিট চেয়ে আসছে।
দুই পক্ষের শর্তের বিষয়টি চূড়ান্ত হওয়ার পর এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে সচিব জানান।
গোয়া বৈঠকে ৯ সদস্যের বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন আব্দুল মান্নান হাওলাদার। সোমবার তার মুম্বাই বন্দর মুম্বাই বন্দর পরিদর্শন করার কথা রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএসজেড/জেকে/০১১২ ঘ.
bdnews24