২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে গ্লানি ভোলার ডাক দিয়ে বসন্তবরণ

বর্ণময় সাজে অন্তরের গ্লানি মুছে ফেলার ডাক দিয়ে চট্টগ্রামে উদযাপিত হল বসন্ত উৎসব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Feb 2011, 03:15 PM

Updated : 24 Aug 2022, 02:31 PM

চট্টগ্রাম, ফেব্র"য়ারি ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বর্ণময় সাজে অন্তরের গ্লানি মুছে ফেলার ডাক দিয়ে চট্টগ্রামে উদযাপিত হল বসন্ত উৎসব। চট্টগ্রাম মহানগরীর ডিসি হিল প্রাঙ্গণ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন স্থানে বসন্তকে বরণে রোববার আয়োজন করা হয় নানা অনুষ্ঠানের। ডিসি হিল চত্বরে বোধন আয়োজিত দিনব্যাপী উৎসব পরিণত হয় সব বয়সের মানুষের মিলনমেলায়। আবৃত্তি, গান, নাচ আর নগরবাসীর বসন্ত সাজ যেন সবার মনকেও রঙিয়ে দিয়েছিল ফাল্গুনের রঙে। সকাল সাড়ে ৮টায় সাংস্কৃতিক সংগঠন 'কৃষ্টি'র অর্কেস্ট্রার মধ্য দিয়ে শুরু হয় দিনব্যাপী এ উৎসবের। এরপর আবৃত্তি পরিবেশন করেন বোধন আবৃত্তি পরিষদের সভাপতি রণজিৎ রক্ষিত। গান, আবৃত্তি, নৃত্য, ঢোল বাদন, প্রথিতযশা শিল্পীদের চিত্রাঙ্কন আর আড্ডায় দিনভর জমজমাট থাকে পুরো ডিসি হিল চত্বর। হলুদ শাড়িতে উৎসবে আসা পিংকী চৌধুরী জানান, "এখানে সবাই মিলে আনন্দ করছি, প্রতিদিনের যান্ত্রিক জীবনে ছুটে চলার প্রাণশক্তিও এখান থেকে যেন পচ্ছি আমরা।" উৎসবের অন্যতম আয়োজক মৃন্ময় মন্টি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বাঙালির মানসকিতা ও জীবনাচারণে বসন্তের প্রভাব ব্যাপক। আমরা শুরুতে ছোট আয়োজনে পালন করলেও তা ধীরে ধীরে একটি বিশাল উৎসবে পরিণত হয়েছে।" বোধনের আয়োজনে এবছর পঞ্চমবারের মতো এ উৎসব হলো। রাত ৯টা পর্যন্ত অনুষ্ঠানমালায় বোধনের শিল্পীরা ছাড়াও প্রমা আবৃত্তি সংগঠন, উচ্চারক আবৃত্তি কুঞ্জ ও একক শিলপীরা আবৃত্তি পরিবেশন করেন। সংগীত পরিবেশন করে উদীচী শিল্পী গোষ্ঠী, সংগীত ভবন, অবসর সাংস্কৃতিক গোষ্ঠী, নৃত্য পরিবেশন করেন ওডিসি এন্ড টেগোর ড্যান্স মুভমেন্ট, স্কুল অব ওরিয়েন্টাল ডান্স, সুরঙ্গমা নৃত্যাঙ্গণের শিল্পীরা। এদিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) দিনব্যাপী বসন্ত উৎসবের আয়োজন করে উদীচী শিল্পী গোষ্ঠী। বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে সকালে উৎসবের উদ্বোধন করেন উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. আলাউদ্দিন। উদ্বোধনী অনুষ্ঠানের পর বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের সদস্য, সাধারণ শিক্ষার্থী ও শিক্ষকদের অংশগ্রহণে একটি বর্ণিল শোভাযাত্রা বের করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমসি/জেকে/২১১১ ঘ.