২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে ছাত্রের মৃত্যু-ভাংচুর: দুই মামলায় আসামি ৩৮

বাসের ধাক্কায় স্কুল ছাত্রের মৃত্যু এবং এরপর ঢাকা-আরিচা মহাসড়কে গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় পৃথক দুটি মামলা হয়েছে ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Feb 2011, 09:28 AM

Updated : 24 Aug 2022, 02:31 PM

সাভার, ফেব্র"য়ারি ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাসের ধাক্কায় স্কুল ছাত্রের মৃত্যু এবং এরপর ঢাকা-আরিচা মহাসড়কে গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় পৃথক দুটি মামলা হয়েছে। এর মধ্যে ভাঙচুরের ঘটনায় ৩৭ জনকে আসামি করে মামলা করেছে পুলিশ। অপর মামলাটি করেছেন নিহতের নানা আজগর আলী। এতে বাসচালককে আসামি করা হয়েছে। শনিবার বিকালে সাভারের রেডিও কলোনি বাস স্ট্যান্ডের কাছে মায়ের হাত ধরে ঢাকা-আরিচা মহাসড়ক পার হওয়ার সময় বাসের ধাক্কায় স্কুলছাত্র তানজিম আহসান নিবিড় (৫) মারা যায়। পরে বিক্ষুব্ধ ছাত্র-জনতা সড়ক অবরোধ করে ব্যাপক ভাঙচুর চালায়। এ সময় তিনটি গাড়িতে অগ্নিসংযোগ করে তারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে র‌্যাব ও পুলিশ বিক্ষুব্ধদের লাঠিপেটার পাশাপাশি ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস ও রাবার বুলেট ছুড়ে। এ সময় পুলিশের সঙ্গে সংঘর্ষে কমপক্ষে ৩০ জন আহত হয়। যানবাহন ভাংচুর ও অগ্নিসংযোগের অভিযোগে দায়ের করা মামলাটি করেছেন সাভার থানার উপ-পরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন। এ মামলায় ১৭ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতপরিচয় ২০ জনকে আসামি করা হয়। নামোল্লেখ করা ১৭ আসামি হলেন- আরমান ওরফে অপু (১৮), নাজিম উদ্দিন (৫০), আহাম্মদ মাতুব্বর (৫০), সোহরাব হোসেন (৪৫), শাহিন (৩৫), মোহাম্মদ আলী (৩০), ফজল (৩০), ইয়াছিন আরাফাত (৪৮), হানিফ (২৬), আবুল (৩০), কায়েদ আলী (৩০), সোহরাব ওরফে কাটিং (২৫) সালাম (৫০), খোকন (২২), দ্বীন ইসলাম (২০), শাহ আলম (৪০) ও আবুল কাদের (৪০)। মামলার নথি থেকে জানা যায়, শিশু নিবিড় নিহত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে স্কুলের শিক্ষার্থী ও উত্তেজিত জনতা ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে ৫০টি গাড়ি ভাঙচুর করে। এছাড়া তিনটি বাসে আগুন ধরিয়ে দেয়। এতে ৪৫ লাখ টাকার সম্পদ নষ্ট হয়েছে। বিক্ষুব্ধদের সঙ্গে সংঘর্ষে সাত পুলিশ সদস্য আহত হয়েছে বলেও এজাহারে বলা হয়। সাভার থানার ওসি মাহবুবুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। ঘটনায় এর বাইরে কারো জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে তাদেরও আসামি করা হবে। ঘটনাস্থল থেকে আসামি অপুকে গ্রেপ্তার করার কথাও জানান তিনি। এদিকে রোববার ১১টার দিকে নিবিড়ের মৃতদেহ রেডিও কলোনি মডেল স্কুলে নিয়ে গেলে সেখানে এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা হয়। জানাজা শেষে রেডিও কলোনি কবরস্থানে নিবিড়কে সমাহিত করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/এমআই/১৫২২ ঘ.