ঢাকা, ফেব্র"য়ারি ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জিয়াউর রহমান, আব্দুস সাত্তার ও আবু সাদত মোহাম্মদ সায়েমই কর্নেল তাহেরের বিচারের পরিকল্পনা করেন বলে আদালতকে জানিয়েছেন অবসরপ্রাপ্ত মেজর জেনারেল নূরুল ইসলাম শিশু।
আদালতের তলবে যুক্তরাষ্ট্রে অবস্থানরত নূরুল ইসলাম আইনজীবীর মাধ্যমে পাঠানো এক বার্তায় তাহেরের বিচার নিয়ে তার এ বক্তব্য তুলে ধরেন।
ব্যারিস্টার রফিক উল হকের মাধ্যমে পাঠানো তার এ বক্তব্য রোববার হাইকোর্টের বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী এবং বিচারপতি শেখ মো. জাকির হোসেনের বেঞ্চে উপস্থাপন করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এম কে রহমান।
শিশুর আবেদনে তাকে ব্যক্তিগত হাজিরা থেকে আদালত অব্যাহতি দিয়েছে। তিনি জানিয়েছেন, অসুস্থতা এবং এর ধারাবাহিক চিকিৎসার কারণে তার পক্ষে বাংলাদেশে আসা সম্ভবপর হচ্ছে না।
১৯৭৬ সালে সামরিক আদালতে তাহেরের গোপন বিচার সম্পর্কে তিনি কিছু জানতেন না বলে দাবি করেন শিশু, যিনি ওই সময়কালে মিয়ানমারে বাংলাদেশ দূতাবাসে ডিফেন্স অ্যাটাশে হিসাবে দায়িত্ব পালন করেন।
"সেনাবাহিনীর অনেকের মতো আমিও এ মামলার প্রক্রিয়া সম্পর্কে জানতাম না। বিচারের আগে বা পরে এ সম্পর্কিত কোনো প্রক্রিয়া আমি দেখিনি", শিশুর এ বক্তব্য তুলে ধরা হয় আদালতে।
তাহেরের ওই বিচার সম্পর্কে আদালতের বর্তমানের কার্যক্রম চলাকালীন সময়ে বেশি জানতে পেরেছেন বলে দাবি করেন শিশু। তিনি দাবি করেন, ১৯৭৫ সালের নভেম্বরের শেষের দিকে তিনি দেশে ফেরেন। পরে অ্যাডজুটেন্ট জেনারেল হিসাবে নিয়োগ পেলেও বিচারের বিষয়ে জানতেন না।
তৎকালীন রাষ্ট্রপতি আবু সাদত মোহাম্মদ সায়েম, সেনাপ্রধান জিয়াউর রহমান ও বিচারপতি আব্দুস সাত্তার (পরবর্তীতে রাষ্ট্রপতি) আইন মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে কর্নেল এমএ তাহেরের সামরিক আদালতে বিচারের প্রক্রিয়া করেন।
নূরুল ইসলাম ই-মেইলে পাঠানো তার এ বক্তব্যের অনুলিপি বাংলাদেশের ওয়াশিংটন দূতাবাসের মাধ্যমে পররাষ্ট্র মন্ত্রণালয়েও পাঠিয়েছেন বলে আদালতে জানানো হয়।
তাহেরের গোপন বিচারের বৈধতা নিয়ে একটি রিট আবেদনে হাইকোর্ট তৎকালীন সেনা কর্মকর্তা নূরুল ইসলামের বক্তব্য শোনার জন্য তাকে এ মাসের শুরুতে তলব করে।
১৯৭৫ সালের ১৫ অগাস্ট বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর সেনাবাহিনীতে অভ্যূত্থান-পাল্টা অভ্যূত্থান চলে। এরই এক পর্যায়ে জিয়াউর রহমান ক্ষমতা নেওয়ার পর মুক্তিযুদ্ধে সেক্টর কমান্ডার কর্নেল এমএ তাহেরসহ ১৭ জনকে সামরিক আদালতে গোপন বিচারে ১৯৭৬ সালের ১৭ জুলাই সাজা দেওয়া হয়। এরপর ২১ জুলাই ভোররাতে কর্নেল তাহেরের ফাঁসি কার্যকর করা হয়।
তাহেরের বিচারের বৈধতা নিয়ে গত অগাস্টে তার স্ত্রী লুৎফা তাহের ও ভাই অধ্যাপক আনোয়ার হোসেন রিট আবেদন করলে সে গোপন বিচারের নথি তলব করে হাইকোর্ট।
একইসঙ্গে তাহেরের বিচারের জন্য সামরিক আইনের মাধ্যমে জারি করা আদেশ এবং এর আওতায় গোপন বিচার ও ফাঁসি কার্যকর করাকে কেন অসাংবিধানিক ঘোষণা করা হবে না- তা জানাতে সরকারকে নির্দেশ দেওয়া হয়।
এর শুনানিতে হাইকোর্ট ফার ইস্টার্ন ইকোনোমিক রিভিউ'র সাংবাদিক লরেন্স লিফশুজের বক্তব্যও শুনতে চেয়েছিলো। বিচারের ওই সময়ে বাংলাদেশ থেকে বহিষ্কৃত লিফশুজ ইমেইলেএ মাসের শুরুতে ইমেইলে তার বক্তব্য পাঠান।
লিফশুজ বলেছেন, সব আইন কানুন ও সংবিধান লঙ্ঘন করে তাহেরকে ওই বিচারের মুখোমুখি করা হয়। জিয়াউর রহমানের পূর্ব নির্ধারিত পরিকল্পনায় তাহের সেখানে 'বিচারিক হত্যাকাণ্ডের' শিকার হয়েছেন।
সামরিক আদালতে তাহেরের গোপন বিচারের বৈধতা নিয়ে আরো দুটি রিট আবেদনও হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/আরএ/এমআই/১৫৪০ ঘ.
bdnews24