গাজীপুর, ফেব্র"য়ারি ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুরে একটি পোশাক কারখানায় আগুন লাগার খবরে হুড়োহুড়িতে পদদলিত হয়ে অন্তত ৫০ শ্রমিক আহত হয়েছেন।
আহতদের মধ্যে কয়েকজনকে সফিপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
শনিবার সকালে কালিয়াকৈর উপজেলার পূর্ব চান্দরা এলাকায় ফেয়ার টেক লিমিটেডের কারখানায় এ ঘটনা ঘটে।
কারখানার ব্যবস্থাপক মো. শহিদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সকাল ১০টার কারখানার দ্বিতীয় তলায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে ফিনিশিং সেকশনের সুইচবোর্ডে আগুন লেগে যায়। পরে তা পাশে থাকা কার্টুনে ছড়িয়ে গেলে কালো ধোঁয়ার সৃষ্টি হয়।"
এ সময় আতঙ্কিত শ্রমিকরা হুড়োহুড়ি করে সিড়ি দিয়ে নামতে গেলে পদদলিত হয়ে রাবেয়া (২২), মিনারা (৩০), আম্বিয়া (২৫), নাজমা (২২), আইরিন (২৫), শিল্পী (২৮), এরিনা (২২), রাশিদা (২৫) ও মিনাসহ (৩৫) ৫০ অন্তত জন শ্রমিক আহত হয় বলে জানান তিনি।
পরে কারখানার অগ্নি নির্বাপক সরঞ্জাম দিয়ে আগুন নেভানো হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/জেকে/২০৫০ ঘ.
bdnews24