নোয়াখালী, ফেব্রয়ারি ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - খাদ্য নিয়ে রাজনীতি মোকাবেলা করতে ব্যর্থ হলে আগামীতে মহাজোট সরকারকে কঠিন মূল্য দিতে হবে বলে মনে করেন সংসদ সদস্য রাশেদ খান মেনন।
মহাজোটের অন্যতম শরিক বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির প্রধান বলেন, "খাদ্য পরিস্থিতি অতীতে সরকার পতনের কারণ হয়ে দাঁড়িয়েছিলো। তাই খাদ্যদ্রব্যের মূল্যবৃদ্ধি শুধুমাত্র অর্থনীতির বিষয় নয়। এটি রাজনীতিরও বড় ইস্যু।"
শুক্রবার দুপুরে নোয়াখালী পৌর মিলনায়তনে দলের সহযোগী সংগঠন বাংলাদেশ যুব মৈত্রীর জেলা সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় মেনন এ কথা বলেন।
শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বলেন, "উন্নয়নকাজ বন্ধ করে খাদ্য আমদানি করলেই বাজার সমস্যার সমাধান হবে না। মূল্যবৃদ্ধির সঙ্গে জড়িত সিন্ডিকেটকে চিহ্নিত করে কঠোর ব্যবস্থা নিতে হবে।"
যুদ্ধাপরাধের বিচার প্রসঙ্গে মেনন বলেন, মহাজোট সরকার ক্ষমতায় আসার পর ৪০ বছর ধরে ঝুলে থাকা মানবতাবিরোধীদের বিচারের উদ্যোগ নেওয়া হয়েছে।
কিন্তু বিচারপ্রক্রিয়া শুরুর প্রথম দিকে বিএনপি জাতির সামনে নিজেদের অবস্থান পরিষ্কার না করলেও চিহ্নিত যুদ্ধাপরাধী সালাউদ্দিন কাদের চৌধুরীকে গ্রেপ্তারের পর তারা স্ব-মূর্তিতে আর্বিভূত হয়েছে।
দলটি সংসদে যাওয়ার জন্য সালাউদ্দিন কাদেরের মুক্তির দাবিও তুলতে দ্বিধা করেনি। এতেই যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়া নিয়ে বিএনপির অবস্থান বোঝা যায়।
জেলা যুব মৈত্রীর আহবায়ক মীর্জা গালিব আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে আরো বক্তব্য রাখেন ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরোর সদস্য কামরুল আহছান প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১০৮ ঘ.
bdnews24