সিলেট, ফেব্র"য়ারি ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সিলেটে পাথর উত্তোলনকে কেন্দ্র করে দুই দল শ্রমিকের সংঘর্ষে ১০ জন আহত হয়েছে।
শুক্রবার বিকালে কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জের নতুন বাজারের পাশের পাথর কোয়ারীতে এই সংঘর্ষের ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
আহতদের মধ্যে লিটন মিয়া (২২), মানিক মিয়া (২৪), জামিল হোসেন (২৫), আশিক উদ্দিন (২০) ও শামীম চৌধুরীকে (২৫) সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বাকিরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।
কোম্পানীগঞ্জ থানার ওসি আমিনুল ইসলাম সরকার সাংবাদিকদের জানান, পাথর উত্তোলন নিয়ে দুই দল শ্রমিকের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তারা পরস্পরের ওপর হামলা চালায়।
পরে স্থানীয়রা সংঘর্ষ থামায়। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান ওসি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৯৫৪ ঘ.
bdnews24