মুন্সীগঞ্জ, ফেব্রুয়ারি ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আড়িয়ল বিলে বিমানবন্দরের বিরোধিতা নিয়ে সহিংস বিক্ষোভের সময় পুলিশের খোয়া যাওয়া বাকি শটগানটিও উদ্ধার হয়েছে।
শুক্রবার প্রথম প্রহরে শ্রীনগর উপজেলার হাসাড়া গ্রামের কালীকিশোর উচ্চ বিদ্যালয়ের পেছনে পুকুর পাড়ে শটগানটি পাওয়া যায় বলে র্যাব জানিয়েছে।
র্যাবের মুন্সীগঞ্জ ফাঁড়ির সহকারী পরিচালক লুৎফর রহমান সাংবাদিকদের বলেন, "রাত সাড়ে ১২টার দিকে কয়েকজন দুষ্কৃতকারী অস্ত্রসহ অবস্থান করছিলো। খবর পেয়ে র্যাব অভিযানে গেলে তারা পালিয়ে যায়। এরপর তল্লাশি চালিয়ে নারিকেল গাছের নিচ থেকে অস্ত্রটি উদ্ধার করা হয়।"
গত ৩১ জানুয়ারি বিক্ষোভের সময় পুলিশের তিনটি শটগান খোয়া গিয়েছিলো বলে শ্রীনগর থানার ওসি শাখাওয়াত হোসেন জানান।
সেদিন সংঘর্ষে নিহত হন এক পুলিশ কর্মকর্তা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৪৪৬ ঘ.
bdnews24