ঢাকা, ফেব্র"য়ারি ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পরিচালনা ও ব্যবস্থাপনার কাঠামো আলাদা করার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার দুপুরে ডিএসই ভবনে এক সংবাদ ব্রিফিংয়ে সংস্থার সভাপতি শাকিল রিজভী বলেন, "গত ২ ফেব্র"য়ারি বোর্ড সভায় ডিএসইকে ডিমিউচুয়ালাইজেশনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ২৫ ফেব্র"য়ারি এ বিষয়ে কাজ শুরু হবে।"
ডিএসইর ওপর ব্রোকার হাউজগুলোর কর্তৃত্ব নিয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের বক্তব্যের পরিপ্রেক্ষিতে শাকিল রিজভী এ কথা বলেন।
অর্থমন্ত্রী বুধবার জাতীয় সংসদে বলেন, "যারা ব্রোকারেজ হাউজ পরিচালনা করে- তারাই ব্যাবসা করছে, তারাই ডিসই চালাচ্ছে।"
বর্তমান ব্যবস্থায় ব্রোকারেজ হাউজের মালিকরা ডিএসই পরিচালনা পর্ষদের সদস্য হিসাবে থাকার সুযোগ পাচ্ছেন। ডিমিউচুয়ালাইজেশন হলে সরকার মনোনতি ব্যক্তিদের পদাধিকার বলে পরিচালনা পর্ষদের সদস্য করার সুযোগ থাকবে।
বাজার পরিস্থিতি সম্পর্কে ডিএসই সভাপতি বলেন, "বাজারে ১০০-২০০ পয়েন্ট পর্যন্ত পতন স্বাভাবিক। তবে ৫০০ পয়েন্ট পড়ে যাওয়া অস্বাভাবিক।"
তিনি জানান, বাজারে থাকা প্রতিষ্ঠানগুলোর পিই অনুপাত (প্রাইস আর্নিং রেশিও) সার্বিকভাবে এখন ১৮। এর মধ্যে ৪৯ শতাংশ প্রতিষ্ঠানের পিই অনুপাত ১৬।
শেয়ারের দামের ব্যাপক মূল্য সংশোধন হয়েছে দাবি করে শাকিল রিজভী বলেন, বেশিরভাগ শেয়ারের দাম এখন ঠিক আছে। অনেক শেয়ার মৌল ভিত্তির চেয়ে কম দামে বিক্রি হচ্ছে। তবে কিছু প্রতিষ্ঠানের শেয়ারের দাম এখনো বেশি।
পুঁজিবাজারের বর্তমান পরিস্থিতিকে স্থিতিশীল বলেও দাবি করেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএএম/জেবি/জেকে/১৯০৯ ঘ.
bdnews24