২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্ত্রী-সন্তানদের দেশে ফিরিয়ে আনতে চান ফেলানীর বাবা

কুড়িগ্রামে বিএসএফের গুলিতে নিহত ফেলানির বাবা নুরুল ইসলাম ভারতে অবস্থানরত তার পরিবারকে দেশে ফিরিয়ে আনতে সরকারের কাছে অনুরোধ জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Feb 2011, 11:02 AM

Updated : 07 Jul 2022, 08:58 PM

কুড়িগ্রাম, ফেব্রুয়ারি ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কুড়িগ্রামে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে নিহত ফেলানির বাবা নুরুল ইসলাম ভারতে অবস্থানরত তার পরিবারকে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা নিতে সরকারের কাছে অনুরোধ জানিয়েছেন।

বৃহস্পতিবার কুড়িগ্রাম প্রেসক্লাবে এক সংবাদ সন্মেলনে তিনি বলেন, "এ ব্যাপারে স্বরাষ্ট্রমন্ত্রী আশ্বাস দিয়েছিলেন। কিন্তু এখনো কোনো অগ্রগতি দেখছি না।"

স্থানীয় আওয়ামী লীগ নেতারা এ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।

নুরুল ইসলাম বলেন, "স্থানীয় এমপি জাফর আলীসহ সরকারের প্রচেষ্টায় আমি আমার মেয়ের লাশ ফিরে পেয়েছি। সরকার আমার প্রতি সমবেদনা জানিয়েছে। পরিবারের পুনর্বাসনে ৩ লাখ টাকা সহায়তাও দিয়েছে।"

"সরকার আমার বিপদে যেভাবে সহযোগিতা করেছে, তাতে আমি কৃতজ্ঞ," যোগ করেন তিনি।

নুরুল ইসলাম ২২ বছর ধরে ভারতে বসবাস করছেন। সেখানে তার স্ত্রী ও পাঁচ সন্তান রয়েছে। মেয়ে ফেলানীর বিয়ে দিতে গত ৭ জানুয়ারি দেশে ফিরছিলেন তিনি। ভোরে ফুলবাড়ির অনন্তপুর সীমান্ত পার হওয়ার সময় বিএসএফের গুলিতে ফেলানীর (১৪) মৃত্যু হয়।

ফেলানীর বাবা বলেন, "আমি এক মেয়েকে হারিয়েছি। এখন আমি আমার স্ত্রী ও সন্তানদের ফিরে পেতে চাই। সরকারের সহযোগিতায় তাদের ফিরিয়ে আনা গেলে আমি স্বাভবিক জীবনে ফিরে আসতে পারব।"

সংবাদ সম্মেলনে উপস্থিত আওয়ামী লীগ নেতারা অভিযোগ করেন, ফেলানীর দুঃখজনক মৃত্যু নিয়ে বিএনপি ন্যাক্কারজনকভাবে রাজনীতি করছে। তারা বিষয়টি ভিন্নখাতে প্রবাহিত করে রাজনৈতিক ফায়দা হাসিল করতে চায়।

আওয়ামী লীগের জেলা কমিটির সহ-সভাপতি আমিনুল ইসলাম মঞ্জু, যুগ্ম-সম্পাদক অলক সরকার, নি ম নাজমুল ক্রাউন, নাগেশ্বরী উপজেলা কমিটির সভাপতি মোজান্মেল হক প্রধান, যুবলীগের জেলা সাধারণ সম্পাদক রুহুল আমিন দুলাল, ছাত্রলীগের জেলা সভাপতি আইয়ুব আলী এ সময় উপস্থিত ছিলেন।

বুধবার একই স্থানে আওয়ামী লীগ ও বিএনপি সভা ডাকায় ফেলানীর বাড়ির আশপাশে ১৪৪ ধারা জারি করে প্রশাসন। এ সময় বিএনপির একটি প্রতিনিধি দল ফেলানীর বাড়িতে যেতে চাইলে পুলিশ কুড়িগ্রাম শহরে তাদের বাধা দেয়। পরে হোটেল অর্নবে সংবাদ সম্মেলন করেন বিএনপির নেতারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/জেকে/১৬৬০ ঘ.