কিশোরগঞ্জ, ফেব্র"য়ারি ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - কিশোরগঞ্জে বার্ড ফ্লু সংক্রমন নিশ্চিত হওয়ার পর একটি খামারের আরো এক হাজার ৫৫০টি মুরগি নিধন করা হয়েছে।
এক সপ্তাহের ব্যবধানে জেলার বিভিন্ন খামারের প্রায় ১৬ হাজার মুরগি নিধন করে মাটি চাপা দেওয়া হয়েছে।
এছাড়া মারা গেছে প্রায় এক হাজার ৬শ' মুরগি।
জেলা প্রাণী সম্পদ বিভাগ বুধবার বিকালে সদর উপজেলার ভাটাগাঁও গ্রামের সুমন পোল্ট্রি খামারে নিধন অভিযান চালায়।
জেলা প্রাণিসম্পদ কার্যালয়ের ভেটেরিনারি সার্জন ডা. বাহাদুর আলী জানান, গ্রামের তোফাজ্জল হোসেনের মালিকানাধীন খামারটিতে মুরগি মারা যাওয়ার বিষয়টি জানতে পেরে মঙ্গলবার তারা নমুনা সংগ্রহ করেন। তাদের প্রাথমিক পরীক্ষায় বার্ড ফ্লু সংক্রমনের প্রমাণ পাওয়া যায়।
আরো নিশ্চিত হওয়ার জন্য তারা ওইদিন বিকালে ঢাকার কেন্দ্রীয় গবেষণাগারে নমুনা পাঠান।
বুধবার বিকালে ঢাকা থেকে ফ্যাক্সবার্তার মাধ্যমে বার্ড ফ্লু সংক্রমনের বিষয়টি নিশ্চিত করা হয়। এর পরপরই জেলা প্রাণিসম্পদ বিভাগ নিধন কাজ শুরু করে।
ডা. বাহাদুর আলী জানান, মরে যাওয়ার পরও সুমন পোল্ট্রি খামারে এক হাজার ৫৫০টি মুরগি ছিলো। সবগুলোই মেরে ফেলে মাটি চাপা দেওয়া হয়েছে।
নিধন কার্যক্রম চালানোর সময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নূরে আলম সিদ্দিকী, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. এ এস এম নওশাদ হোসেনসহ বিভিন্ন বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
খামার মালিক তোফাজ্জল হোসেন সাংবাদিকদের জানান, তিনি গত ২২ ডিসেম্বর গাজীপুর থেকে লেয়ার মুরগির বাচ্চা কিনে আনেন। ৪৭ দিন বয়সী মুরগিগুলো মারা যাওয়ায় তার অনেক ক্ষতি হয়েছে।
তিনি আশা করেন, সরকারের কাছ থেকে ক্ষতিপূরণ পাওয়া যাবে।
জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. নওশাদ হোসেন বলেন, সরকারি বিধি অনুযায়ী ক্ষতিগ্রস্ত খামার মালিককে আর্থিক সহায়তা দেওয়া হবে।
বার্ড ফ্লু সংক্রমনের কারণে এর আগে কিশোরগঞ্জ সদর উপজেলার বগাদিয়া গ্রামে আট হাজার, কটিয়াদী উপজেলার নোয়পাড়া গ্রামে নয়শ' মুরগি ও ভৈরব উপজেলার জগন্নাথপুর গ্রামে ৫ হাজার মুরগি নিধন করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২২২২ ঘ.
bdnews24