চট্টগ্রাম, ফেব্র"য়ারি ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নিজস্ব ভবনে যাচ্ছে তৈরি পোশাক মালিকদের শীর্ষ সংগঠন বিজিএমইএ'র চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়।
বৃহস্পতিবার সকালে নগরীর দক্ষিণ খুলশী এলাকায় ২২ কাঠা জমির ওপর নবনির্মিত এ আঞ্চলিক ভবন তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ উদ্বোধন করার কথা।
বুধবার দুপুরে নতুন ভবনের কনফারেন্স হলে এক সংবাদ সম্মেলনে বিজিএমইএ'র প্রথম সহ-সভাপতি নাসির উদ্দিন চৌধুরী এ তথ্য জানান।
প্রায় ২৫ বছর নগরীর আগ্রাবাদ এলাকায় ভাড়া অফিসে বাংলাদেশ গার্মেন্ট ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিজিএমইএ) তাদের কর্মকাণ্ড পরিচালনা করত।
একইসঙ্গে নগরীর সল্টগোলা এলাকায় তৈরি পোশাক শ্রমিকদের জন্য বিজিএমইএ নির্মিত ১০০ শয্যার একটি হাসপাতালও শুক্রবার উদ্বোধন করা হবে।
প্রধানমন্ত্রীর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ডা. মোদাচ্ছের আলী সকাল সাড়ে ১১টায় এ হাসপাতালের আনুষ্ঠানিক উদ্বোধন করার কথা।
তিনি জানান, দীর্ঘদিন পর পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএ তার নিজস্ব কার্যালয়ে যাচ্ছে। রেলওয়ে থেকে জায়গা লিজ নিয়ে ১৩ তলা এ ভবনের ১০ তলা পর্যন্ত ঢালাই কাজ সম্পন্ন করা হয়েছে।
বিজিএমইএ'র নবনির্মিত ভবনের তৃতীয় ও চতুর্থ থলায় নিজেদের কার্যালয় ছাড়াও অন্য তলায় বিজিএমইএ ফ্যাশন ট্রেনিং ইন্সটিটিউট, বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠান এবং ব্যাংক-বীমার কার্যালয় থাকবে। ২০১১ সালের মধ্যে ৩০ কোটি টাকা ব্যয়ে নিমিত এ ভবনের নির্মাণকাজ পুরোপুরি শেষ হবে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ৮ দশমিক ৩১ কাঠার ওপর নির্মিত এ হাসপাতাল প্রাথমিকভাবে ২৫ শয্যা নিয়ে যাত্রা শুরু করছে। দ্বিতীয় পর্যায়ে ২০১১ সালের মধ্যে পর্যায়ক্রমে ১০০ শয্যায় উন্নীত হবে।
বিজিএমইএ'র অর্ন্তভুক্ত বিভিন্ন পোশাক মালিক এবং সংশ্লিষ্ট ব্যবসায়ীদের অনুদানের ১০ কোটি টাকা দিয়ে এ হাসপাতাল নির্মিত হয়েছে উল্লেখ করে তিনি বলেন, "গার্মেন্টস শ্রমিকরা একপ্রকবার বিনামূল্যে সবধরণের চিকিৎসা সুবিধা নিতে পারবেন।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/পিডি/২১০১ ঘ.
bdnews24