২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভোলায় বাস ধর্মঘট অব্যাহত

দুর্ঘটনায় মহিলার মৃত্যুর ঘটনায় বাস ভাংচুরের প্রতিবাদে ভোলার সব রুটে মঙ্গলবার থেকে অনির্দিষ্টকালের বাস চলাচল বন্ধ রেখেছে মালিকরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Feb 2011, 02:47 PM

Updated : 24 Aug 2022, 02:29 PM

ভোলা, ফেব্র"য়ারি ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুর্ঘটনায় মহিলার মৃত্যুর ঘটনায় বাস ভাংচুরের প্রতিবাদে ভোলার সব রুটে মঙ্গলবার থেকে অনির্দিষ্টকালের বাস চলাচল বন্ধ রেখেছে মালিকরা। বুধবারও সারাদিন জেলার আটটি অভ্যন্তরীণ রুটসহ সারাদেশের সঙ্গে কোনো বাস চলাচল করেনি। ভোলার চরফ্যাশন বাজারে সোমবার সন্ধ্যায় বাস চাপায় এক মহিলার মৃত্যু হলে এলাকার লোকজন অন্তত ৩০টি বাস ভাংচুর করে। বাস ভাংচুরের ঘটনায় চরফ্যাশন বুধবার থানায় মালিক সমিতি একটি মামলা দায়ের করেছে। সমিতির নেতারা জানান, তাদের দাবি সম্বলিত একটি স্মারকলিপি ভোলা জেলা প্রশাসকের কাছে পাঠানো হয়েছে। এদিকে যাত্রী পরিবহন নিয়ে সকালে কয়েকটি স্থানে অটোটেম্পু ও বাস শ্রমিকদের সঙ্গে কয়েক দফা ধাওয়া-পাল্টা ধাওয়া হয়েছে। ভোলা আটো-টেম্পু মালিক সমিতি'র সম্পাদক মাইনুল ইসলাম শামিম জানান, বাস চলাচল বন্ধ থাকায় যাত্রীদের সুবিধার্থে আটোটেম্পু চলাচল অব্যাহত রাখা হয়। কিন্তু বাস শ্রমিকরা টেম্পু শ্রকিদের বাধা দেয় এবং ১টি টেম্পু ভাংচুর করে। ভোলা-বাস মালিক সমিতি'র নির্বাহী সদস্য নজরুল ইসলাম চুন্নু বলেন, ভোলার সব রুটে অবৈধ যানবাহন চলাচল বন্ধ রাখা ও বাস ভাংচুরের বিচারের দাবিতে অনির্দিষ্টকালের বাস ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। চরফ্যাশন থানার ওসি নাসির উদ্দিন মল্লিক বলেন, বাস ভাংচুরের ঘটনায় দুপুরে জেলা বাস মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক মো. রিয়াজ উদ্দিন বাদী হয়ে ২১জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৪০ জনকে আসামি করে একটি মামলা করেছেন। পরিস্থিতি এখন শান্ত রয়েছে। বাসস্ট্যান্ডে পুলিশ মোতায়েন রয়েছে। জেলা প্রশাসক মো. মেসবাহুল ইসলাম বলেন, বাস-মালিক সমিতির সঙ্গে আলোচনা করে ধর্মঘট প্রত্যাহারের চেষ্টা চালানো হচ্ছে। গত দু'দিন ধরে ভোলার অভ্যন্তরীণ আটটি রুটসহ জেলার সঙ্গে চট্টগ্রাম, খুলনা, ঢাকা ও বরিশাল বাস যোগাযোগ বন্ধ রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২০৪৩ ঘ.