ঢাকা, ফেব্র"য়ারি ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধানমন্ত্রী বলেছেন, দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনে সব উন্নয়ন কর্মকাণ্ড বন্ধ করে খাদ্য আমদানি করা হবে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, "সাধারণ মানুষের কষ্ট হতে দেব না। দরকার হলে সব উন্নয়নের কাজ বন্ধ করে খাদ্য আমদানি করব। খাদ্য নিরাপত্তা নিশ্চিত করব।"
জাতীয় সংসদের বুধবারের অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে জাতীয় সমাজতান্ত্রিক দলের হাাসানুল হক ইনুর এক সম্পূরক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এ কথা বলেন।
বর্তমান সময়ে যেখানে মোটা চালের দাম কেজি প্রতি ৩৪-৩৫ টাকা, সেখানে বিরোধী দল এখন রাষ্ট্র ক্ষমতায় থাকলে কেজি প্রতি চালের দাম ৮০/৯০ টাকা হতো বলে দাবি করেন সরকারপ্রধান হাসিনা।
তিনি বলেন, "বিএনপি'র অভ্যাসই দাম বাড়ানো, আর আমরা কমাবো।"
দ্রব্যমূল স্বাভাবিক রাখতে সরকারের প্রচেষ্টার কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, "আমরা সাধারণ মানুষের ক্রয়ক্ষমতা যেমন বাড়িয়েছি, তেমনি বেতনভাতাও বাড়ানো হয়েছে। সরকার ইতিমধ্যে ২ লাখ ২১ হাজার জনকে চাকুরি দিয়েছে।"
চালের আড়তদার ও মিল মালিকদের তালিকা তার হাতে আছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, "কিছু খেলা চলছে। এভাবে দাম বাড়ার কথা নয়। কার কত মজুদ- তার তথ্য সংগ্রহ করা হচ্ছে। কারা কোন্ পন্থী তাও বের হয়ে যাবে।"
সংরক্ষিত মহিলা আসনের সাংসদ মাহবুব আরা গিনির সম্পূরক প্রশ্নের জবাবে শেখ হাসিনা বলেন, "সাধারণ মানুষের মুখের গ্রাস নিয়ে যারা চালবাজি করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/পিডি/২০০৪ ঘ.
bdnews24