ঢাকা, ফেব্র"য়ারি ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর মগবাজারের মীরবাগ এলাকার এক বাড়িতে বোমা বিস্ফোরণের ঘটনায় দায়ের মামলায় গ্রেপ্তার তিন নারীকে জিজ্ঞাসাবাদের জন্য তিনদিন নিজেদের হেফাজতে পেয়েছে পুলিশ।
রমনা থানার উপ-পরিদর্শক (এসআই) জাফর আলীর সাত দিনের আবেদনে বুধবার মুখ্য মহানগর হাকিম কেশব রায় চৌধুরী শুনানি শেষে তিনদিনের হেফাজত মঞ্জুর করেন।
গ্রেপ্তারকৃতরা হলেন রোজিনা আক্তার (২২), আখি আক্তার আকলিমা (২৪) ও সালমা আক্তার (৩৬)।
রমনা থানার ওসি শিবলি নোমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "তিনজনকে জিজ্ঞাসাবাদেই জানা যাবে ওই বাড়িতে তারা কী উদ্দেশে আস্তানা গেড়েছিলো।"
তবে ঘটনাস্থল থেকে আর বোমা বা অন্য কোনো আলামত পাওয়া যায়নি বলে জানান তিনি।
ওসি বলেন, "প্রাথমিক জিজ্ঞাসাবাদে সালমা আক্তার জানিয়েছে, সেখানে অপর তিনজন পুরুষের সঙ্গে তিনি এ মাস থেকেই বসবাস করতে শুরু করেছিলেন। রোজিনা ও আখি পরে তাদের সঙ্গে থাকা শুরু করে। কিন্তু তারা পরস্পরের সম্পর্কের বিষয়ে কোনো ব্যাখ্যা দিতে পারেননি।"
মঙ্গলবার রাতে মগবাজারের মিরবাগের খাঁন ভিলা নামের ওই ভবনের পাঁচতলায় বোমার বিস্ফোরণ ঘটে। আহত অবস্থায় তিন পুরুষ ওই বাড়ি থেকে পালিয়ে গেলেও সালমা, আখি ও রোজিনাকে গ্রেপ্তার করে পুলিশ।
বাড়িটিতে কোনো সন্ত্রাসী দলের ঘাঁটি থাকতে পারে সন্দেহ প্রকাশ করে শিবলি নোমান বলেন, "এরসঙ্গে জঙ্গি গোষ্ঠীর কোনো সম্পর্ক আছে কি না, তাও তদন্ত করা হচ্ছে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/আরএ/১৯২৬ ঘ.
bdnews24