২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনায় দু'ঘণ্টা সড়ক অবরোধ, ভাংচুর

নগরীর দৌলতপুরে বাসের ধাক্কায় ছাত্র মৃত্যুর ঘটনায় বুধবারও অবরোধ, ভাংচুর ও বিক্ষোভ করেছে ছাত্ররা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Feb 2011, 01:14 PM

Updated : 24 Aug 2022, 02:29 PM

খুলনা, ফেব্র"য়ারি ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নগরীর দৌলতপুরে বাসের ধাক্কায় ছাত্র মৃত্যুর ঘটনায় বুধবারও অবরোধ, ভাংচুর ও বিক্ষোভ করেছে ছাত্ররা। এ সময় তারা চারদফা দাবি জানালে কলেজ কর্তৃপক্ষ, প্রশাসন ও বাস মালিক সমিতি ছাত্রদের সঙ্গে বৈঠক করে। বিকাল ৩টা থেকে দু'ঘণ্টার বৈঠকে দাবি পূরণের আশ্বাস পেয়ে সোয়া ৫টার দিকে তারা অবরোধ তুলে নেয়। মঙ্গলবার দুপুরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী সরকারি বিএল বিশ্ববিদ্যালয় কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সম্মান শেষ বর্ষের ছাত্র আবু শাহীনের (২৫) মৃত্যু হয়। ওইদিনও শিক্ষার্থীরা যানবাহন ভাংচুর ও মহাসড়কে অবরোধ করেছে। দৌলতপুর থানার ওসি মো. আনোয়ারুল হক ভূঁইয়া বলেন, কলেজ ক্যাম্পাসে আবু শাহীনের জানাজার নামাজ শেষে বেলা সাড়ে ১২টার পর কয়েকশ' ছাত্র খুলনা-যশোর মহাসড়কে নেমে বিক্ষোভ করে। তারা নতুন রাস্তা মোড় থেকে রেলিগেট পর্যন্ত সব ধরনের যানবাহন চলাচল বন্ধ করে দেয়। ওই সময় তারা চার দফা দাবি পূরণের আহ্বান জানায় সংশ্লিষ্টদের প্রতি। দাবিগুলো হলো- মুজগুন্নী থেকে রেলিগেট পর্যন্ত সব যাবাহনের গতিবেগ ঘণ্টায় ২০ কিলোমিটার রাখা, বিএল কলেজ গেটে ওভারব্রিজ নির্মাণ, আবু শাহীনের পরিবারকে বাস মালিকদের পক্ষ থেকে পাঁচ লাখ টাকা প্রদান এবং ঘাতক বাস চালকের শাস্তি দান। বিক্ষোভ চলাকালে ছাত্ররা নতুন রাস্তা, রেলিগেট ও দৌলতপুরের বিভিন্ন স্থানে বাস, ট্রাক, বেবিট্যাক্সি ও মাইক্রোবাস ভাংচুর করে। ছাত্রদের দাবির পরিপ্রেক্ষিতে বিকাল ৩টার দিকে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে বাস মালিক সমিতি, কলেজ কর্তপক্ষ, পুলিশ প্রশাসন এবং ছাত্রদের বৈঠক হয়। বৈঠক শেষে দৌলতপুর থানার ওসি বলেন, গাড়ির গতিবেগ সীমিত রাখা এবং ওভার ব্রিজ নির্মাণের আশ্বাস দেওয়া হয়েছে। বাস চালকের শাস্তি আইনগত প্রক্রিয়ার ব্যাপার। আর শাহীনের পরিবারকে পাঁচ লাখ টাকা দেওয়ার ব্যাপারে দুর্ঘটনা ঘটানো বাসের মালিকের সঙ্গে কথা বলে আগামীকাল (বৃহস্পতিবার) কলেজে গিয়ে বাস মালিক সমিতির পক্ষ থেকে ঘোষণা দেওয়া হবে। বৈঠকে উপস্থিত ছিলেন খুলনা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মোল্লা মুজিবর রহমান, দৌলতপুর থানার ওসি মো. আনোয়ারুল হক ভূঁইয়া, অতিরিক্ত পুলিশ সুপারিনটেনডেন্ট আজিজুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক খান মোহামম্মদ রেজাউল করিম, বিএল বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ সফিউল্লাহ সরকার ও কলেজের কয়েকজন ছাত্র। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৯০৭ ঘ.