বাগেরহাট, ফেব্র"য়ারি ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বাগেরহাটের মোল্লাহাট উপজেলায় বিরোধপূর্ণ জমির গাছ থেকে নারকেল পাড়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় এক যুবক নিহত হয়েছেন।
বুধবার সকালে মোল্লারকুল গ্রামে এই ঘটনা ঘটে।
এ ঘটনায় জড়িত অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
নিহত সিরাজ শেখ (৩২) মোল্লারকুল গ্রামের চান মিঞা শেখের ছেলে এবং স্থানীয় আকিজ বিড়ি কারখানার শ্রমিক।
আটককৃতরা হলেন- ওই গ্রামের সোনা মিঞা (৬০), তার ছেলে ধলা মিঞা (২৮) ও টুকুর ছেলে শওকত (৩৫)।
মোল্লাহাট থানার ওসি মাসুদ আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকাল ১০টার দিকে সিরাজ বাড়ির পাশের একটি বিরোধপূর্ণ জমির গাছ থেকে নারকেল পাড়তে গেলে বিপক্ষের লোকজন তাকে বাধা দেয়। এই নিয়ে উভয় পক্ষের মধ্যে মারামারি হয়।
এ সময় প্রতিপক্ষের ধারালো অস্ত্র ও শাবলের আঘাতে সিরাজ গুরুতর আহত হন। হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
উভয় পক্ষই পরস্পর আত্মীয় ও প্রতিবেশী।
এ ঘটনায় সিরাজের ভাই মিরাজ শেখ বিকালে মোল্লাহাট থানায় তিনজনের বিরুদ্ধে একটি হত্যা মামলা করেন।
ওসি জানান, মামলার তিন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
ময়নাতদন্তের জন্য লাশ বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমএসবি/১৮২৩ ঘ.
bdnews24