ঢাকা, ফেব্র"য়ারি ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শিশুদের অঙ্গহানির পর ভিক্ষাবৃত্তিতে বাধ্য করার অভিযোগ স্বীকার করে দুই আসামি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে বলে আদালতকে জানানো হয়েছে।
এ সংক্রান্ত মামলার তদন্ত কর্মকর্তা মো. আব্দুল বাতেন এক প্রতিবেদনে বলেছেন, আসামি মো. শরিফুল ইসলাম ওরফে কোরবান ও মো. সালাহউদ্দিন ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।
ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবিএম আলতাফ হোসেন বুধবার বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী ও শেখ মো. জাকির হোসেনের বেঞ্চে এ প্রতিবেদন উপস্থাপন করেন।
৩১ জানুয়ারি হাইকোর্টের একই বেঞ্চ অঙ্গহানির পর ভিক্ষাবৃত্তিতে বাধ্য করা শিশু নিয়ামুলের বিষয়ে তদন্তের অগ্রগতি জানতে চাওয়ায় তদন্তকারী কর্মকর্তা এই প্রতিবেদন দিলেন।
প্রতিবেদনে বলা হয়েছে, মো. শরিফুল ইসলাম ওরফে কোরবান, মো. সালাহউদ্দিন ও খন্দকার ওমর ফারুকের জবানবন্দির ভিত্তিতে অন্য আসামিদের গ্রেপ্তার করতে বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়েছে। তবে গণমাধ্যমে এ ঘটনার খবর প্রকাশিত হওয়ায় আসামিরা তাদের এলাকা ছেড়ে পালিয়েছে।
তারপরও গোয়েন্দা নজরদারি অব্যাহত রাখা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।
প্রতিবেদনে জানানো হয়, অঙ্গহানীর শিকার শিশু নিয়ামুল ও তার বাবা-মা বর্তমানে র্যাবের নিরাপত্তা হেফাজতে রয়েছে।
আদালত আগামী ৬ মার্চ এ মামলার পরবর্তী অগ্রগতি জানাতে তদন্ত কর্মকর্তাকে নির্দেশ দিয়েছে।
বাংলাদেশ মানবাধিকার ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক এলিনা খান গত ৩০ ডিসেম্বর কয়েকটি জাতীয় দৈনিকে প্রকাশিত প্রতিবেদন হাইকোর্টের সামনে তুলে ধরেন, যাতে সাত বছরের শিশু নিয়ামুলকে উদ্ধার এবং আসামি কোরবানকে গ্রেপ্তারের কথা উল্লেখ করা হয়েছিলো। নিয়ামুলের দেহের ক্ষতচিহ্নের কথা উল্লেখ করে প্রতিবেদনে বলা হয়, তার অঙ্গহানি ঘটিয়ে ভিক্ষাবৃত্তিতে বাধ্য করা হয়েছে।
ওই প্রতিবেদন পর্যালোচনা করে হাইকোর্ট গত ২ জানুয়ারি ভিক্ষাবৃত্তি বন্ধের বিধান কার্যকর করার নির্দেশ দেয়। পাশাপাশি শিশুদের অঙ্গহানি ঘটিয়ে ভিক্ষাবৃত্তিতে বাধ্য করা বন্ধে কেন কার্যকর পদক্ষেপ নেওয়া হবে না- তার কারণ জানতে চাওয়া হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/জেকে/১৮০৯ ঘ.
bdnews24