ঢাকা, ফেব্রুয়ারি ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সংস্থাপন মন্ত্রণালয় থেকে প্রকাশিত ডায়েরিতে অ্যাটর্নি জেনারেলের নাম 'যথাযথ স্থানে' মুদ্রিত না হওয়ায় একটি রুল জারি করেছে হাইকোর্ট।
রুলে ডায়েরিটি কেন বেআইনি ঘোষণা করা হবে না- তা জানতে চাওয়া হয়েছে।
একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের প্রকাশনায় অ্যাটর্নি জেনারেলের যথাযথ অবস্থান নিশ্চিত করার নির্দেশ কেন দেওয়া হবে না- তাও জানাতে বলা হয়েছে।
সুপ্রিম কোর্টের আইনজীবী মনজিল মোরসেদের দায়ের করা রিট আবেদনের পর বুধবার বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী ও শেখ মো. জাকির হোসেনের বেঞ্চ এ রুল জারি করেন।
সংস্থাপন সচিব, বিজি প্রেসের পরিচালক (প্রকাশনা), প্রকাশনা অধিদপ্তরের পরিচালক (প্রিন্ট ও প্রকাশনা), বিজি প্রেসের সহযোগী পরিচালক ও বাংলাদেশ ফর্ম এবং প্রকাশনা অধিদপ্তরের সহযোগী পরিচালককে দুই সপ্তাহের মধ্যে এর জবাব দিতে বলা হয়েছে।
আদালতে মনজিল মোরসেদ বলেন, 'অ্যাটর্নি জেনারেল' একটি সাংবিধানিক পদ। দেশের ওয়ারেন্ট অব প্রিসিডেন্স অনুযায়ী এর অবস্থান পঞ্চদশ। সংস্থাপন মন্ত্রণালয়ের ডাইরিতে এই ক্রম অনুসরণ করা হয়নি। এমনকি 'সাংবিধানিক' এই পদের হেডিং করা হয়েছে 'কতিপয় বিশিষ্ট ব্যক্তির নাম'।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/এএল/জেকে/১৬৩৯ ঘ.
bdnews24