সুনামগঞ্জ, ফেব্রুয়ারি ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সুনামগঞ্জে একটি হত্যা মামলায় ৫ জনকে ফাঁসির আদেশ দিয়েছে আদালত। এ ছাড়া ৬ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে।
সুনামগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো আবদুর রহিম বুধবার এ রায় প্রদান করেন।
ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামিরা হল ইউসুফ আলী, মমতাজ আলী, আফিজ আলী, ফজলুল আলী, গিয়াস আলী। যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্তরা হল, আফতোজ মিয়া, ইন্তাজ আলী, তেরাব আলী, আছদ্দ আলী, আকল আলী ও ছিদ্দেক আলী।
যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্তদের প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১ বছর করে সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। দণ্ডপ্রাপ্তরা জেলার জগন্নাথপুর উপজেলার শাহারপাড়া ইউনিয়নের হুলিয়ারপাড়া গ্রামের বাসিন্দা।
আদালত সূত্রে জানা যায়, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে ১৯৯৬ সালের ১১ অক্টোবর সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা শাহারপাড়া ইউনিয়নের হুলিয়াপাড়া গ্রামে প্রতিপক্ষের হামলায় ঘটনাস্থলেই নিহত রুস্তম আলী। এ ঘটনায় নিহতের ভাই মকদ্দুস আলী ঐদিন বিকেলে ১৩ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। পুলিশ তদন্ত করে পরবর্তীতে ১৩ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করে।
আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত বুধবার ৫ জনকে ফাঁসির আদেশ ও ৬ জনকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করে।
আসামিদের মধ্যে ধন মিয়া ও মকবুল মিয়া মামলা চলার সময় মারা যাওয়ায় আদালত তাদেরকে অভিযোগ থেকে অব্যাহতি দেয়।
সুনামগঞ্জের পাবলিক প্রসিকিউটর আবদুল মজিজ জানান, দণ্ডপ্রাপ্তদের মধ্যে আকল আলী পলাতক রয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/ ১৬০৫ ঘ.
bdnews24