২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্বকাপের প্রস্তুতিতে ঢাকায় ঢাকা পড়ছে অনেক কিছু

যানজট, ভিক্ষুক, বেদখল ফুটপাত- রাজধানীর নিত্য সময়ের এই চিত্র ঢাকা পড়তে যাচ্ছে বিশ্বকাপ আয়োজন ঘিরে। তবে তাড়াহুড়োর এই প্রস্তুতি নিয়ে সংশয় নগরবাসীর।শফিকুল ইসলাম মিলটন-এর প্রতিবেদন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Feb 2011, 03:57 AM

Updated : 24 Aug 2022, 02:29 PM

শফিকুল ইসলাম মিলটন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক ঢাকা, ফেব্রুয়ারি ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- "তাড়াহুড়ো করে এক সঙ্গে অনেক কাজ করা হচ্ছে। এ কারণে সব কাজ সুন্দর হচ্ছে না। আর যে ভাবে উচ্ছেদ অভিযান চালানো হচ্ছে, তাতে চারদিক ধুলোয় ভরে গেছে"- বিশ্বকাপ ক্রিকেটের প্রস্তুতিতে এ প্রতিক্রিয়া রাজধানীর মিরপুরের বাসিন্দা নিগার সুলতানার। আগামী ১৯ ফেব্রুয়ারি ঢাকায় শুরু হতে যাচ্ছে বিশ্ব ক্রিকেটের সবচেয়ে বড় আসর। সেদিনের উদ্বোধনী অনুষ্ঠানসহ আটটি খেলা হবে বাংলাদেশে। তাই স্বাগতিক দেশ হিসেবে বাংলাদেশের ইতিবাচক রূপ তুলে ধরার প্রয়াস সরকারের। তবে এরপরও নগরবাসী বলছে, এত বড় আয়োজনের জন্য যে রকম পরিকল্পনা প্রয়োজন, তা অন্তত কাজে দেখা যাচ্ছে না। বিশ্বকাপ ক্রিকেটের জন্য ফেব্রুয়ারি থেকে মার্চ জুড়ে পর্যটকের আনাগোনা থাকবে দেশে। আর তাদের কাছে অন্য রকম ঢাকাকে তুলে ধরতে বিভিন্ন এলাকার ফুটপাত, রাস্তাসহ এর আশেপাশের সব অবৈধ দখল উচ্ছেদ করছে নগর কর্তৃপক্ষ। নগরীর ভিক্ষুকদের পুনর্বাসনের ব্যবস্থা করতে ঢাকা সিটি কর্পোরেশনের পক্ষ থেকে স্থানীয় সরকার মন্ত্রণালয় ও সমাজ কল্যাণ মন্ত্রনালয়কে অনুরোধ করা হয়েছে। যানজট এড়াতে বিশেষ প্রস্তুতিও নিয়েছে যোগাযোগ মন্ত্রণালয়। বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিগার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আয়োজন ভালোই। রাস্তার চারপাশ পরিষ্কার করছে, অবৈধ দোকানপাট উচ্ছেদ করছে, রাস্তার পাশে বিভিন্ন স্থানে লাইটিং করেছে। রাস্তাগুলোকে এখন আনেক বড় মনে হচ্ছে। তবে এই উচ্ছেদের মধ্যে কয়েকটি গাছ কেটে ফেলেছে। সৌন্দর্য বর্ধনের জন্য গাছ কাটার প্রয়োজনীয়তা কতটুকু, তা ঠিক বুঝতে পারছি না।" ঢাকা সিটি কর্পোরেশনের এক কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "রাস্তা-ফুটপাতে যত অবৈধ দখল আছে, সব উচ্ছেদ করা হচ্ছে। এমনি দোকান, হকার সব সরিয়ে পরিষ্কার করে ফেলা হচ্ছে। স্টেডিয়াম দুটির আশেপাশে এবং মিরপুর এলাকার প্রায় ৯০ ভাগ উচ্ছেদের কাজ শেষ হয়েছে। এ কাজ শেষ করে অন্য এলাকায়ও উচ্ছেদ অভিযান চালানো হবে।" বিশ্বকাপে নগরীর সৌন্দর্য বর্ধনে নিয়োজিত ঢাকা সিটি কর্পোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা বিপীন কুমার সাহা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "নগরীর ভিক্ষুকদের ভবঘুরে কেন্দ্রে পুনর্বাসনের জন্য স্থানীয় সরকার মন্ত্রণালয় ও সমাজ কল্যাণ মন্ত্রণালয়ে আমরা চিঠি দিয়েছি। তারা এ বিষয়ে ব্যবস্থা নেবে।" তবে কর্তৃপক্ষ যত টুকু কাজ করছে, তার চেয়ে ভালো করার সুযোগ ছিলো বলে মনে করছে মোহাম্মদপুর এলাকার বাসিন্দা স্কুলছাত্র শওকত হোসেন। শওকত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বিদেশের অনেক মানুষ আসবে খেলা দেখতে। তারা ঢাকা আর চট্টগ্রাম শহরেই থাকবে। তাই এ শহর দুটো দেখেই তারা বাংলাদেশ সম্পর্কে ধারণা নেবে। তাই শহর দুটিকে আরো সুন্দর করার প্রয়োজন ছিলো।" শওকতের মা শিরিন আক্তার বলেন, "এখন সব কাজে তাড়াহুড়ো হচ্ছে। নোটিশ ছাড়াই উচ্ছেদ করা হচ্ছে দোকানপাট, এটা ঠিক হচ্ছে না। শুনেছি বিশ্বকাপের সময় শহরের ভিক্ষুকদের পুনর্বাসন করা হবে। তা একটি ভালো উদ্যোগ।" বিশ্বকাপ নিয়ে সবাই খুশি হলেও তা আনন্দ-বেদনার কাব্য হয়ে এসেছে ফুটপাতের দোকানিদের কাছে। মহাখালী হকার্স মার্কেটের পাশের ফুটপাতের দোকানি রবিউল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "দেশে বিশ্বকাপ হবে, এটা বড় আনন্দের। কিন্তু আমাদের ফুটপাত থেকে উঠে যেতে বলা হয়েছে। আমরা যাবো কোথায়? শুনেছি বিশ্বকাপের সময় ভিক্ষুকদের পুনর্বাসন করা হবে। কিন্তু আমাদের কী হবে?" ফুটপাতের দোকানিরা আশা করছেন, বিশ্বকাপের এ দুটি মাসের পর আবার আগের মতোই ব্যবসা চালিয়ে যেতে পারবেন তারা। "তার মানে হলো, মাত্র এ দুটো মাস, তারপর আবার আগের সব দুর্ভোগ নেমে আসবে। মাঝের এই কটা দিন আসলে ঢাকার সমস্যাগুলো ঢাকা দেওয়া হবে, সমাধান নয়", বললেন মহাখালীর বাসিন্দা মাইনুল ইসলাম। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইএম/এমআই/০৯৫০ ঘ.