ঢাকা, ফেব্র"য়ারি ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- উত্তরায় নৌবাহিনীর অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কমান্ডার সৈয়দ মইনউদ্দিন হত্যা মামলায় রাজনৈতিক বিবেচনায় দুই আসামির নাম প্রত্যাহারের আবেদনের ওপর ১৩ ফেব্র"য়ারি আদেশ দেবে আদালত।
সোমবার ঢাকার চার নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মো. রেজাউল ইসলাম এ দিন ধার্য করেন।
২০০৬ সালের ১৯ অগাষ্ট রাতে উত্তরার ১০ নম্বর সেক্টরের ১ নম্বর সড়কের ১২ নম্বরের বাড়িতে খুন হন মইনউদ্দিন।
মামলার এজাহারে বলা হয়, রাস্তার উপর ঝুট কাপড় রাখা নিয়ে বিরোধের জের ধরে খুন হন মইনউদ্দিন। পরে তার ছেলে বাদি হয়ে ঝুট ব্যবসায়ী আনোয়ার কবির আজমিরি চিশতি ও বাহাউদ্দিন আহমেদ বাবুলসহ ১০ জনের বিরুদ্ধে মামলা করেন।
এদের মধ্যে আবদুল মজিদ নামে এক আসামি ১৬৪ ধারায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আরেক আসামি মারা গেছেন।
অবশ্য গত ১৪ নভেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সহকারী সচিব আবু সাইদ খান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে চিশতি ও বাবুলের নাম প্রত্যাহারের সুপারিশ করা হয়।
১৮ জানুয়ারি রাষ্ট্রপক্ষের বিশেষ কৌঁসুলি সামশুল ইসলাম বাদল সেটি আদালতে উপস্থাপন করেন।
শুনানিতে বিচারক আসামিদের আইনজীবী সাইদুর রহমান মানিকের কাছে মামলাটি যে রাজনৈতিক হয়রানিমূলক- এর প্রমাণ চান।
এ সময় আদালত আরো বলে যে, আসামিরা আওয়ামী লীগের কোনো শাখায় কোনো পদে ছিলেন কি না তা স্পষ্টভাবে উল্লেখ করতে হবে।
এর আগে বাদিপক্ষের আইনজীবী বদরুল ইসলাম জুয়েল দুই আসামির কেউই কোনো দিন রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন না বলে আদালতকে অবহিত করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এএল/এইচএ/২১৫০ ঘ.
bdnews24