২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'কোন বাধাই বইমেলার স্পন্দন থামাতে পারেনি'

বাঙালি সংস্কৃতির মেলবন্ধন এই বইমেলা। আমার অভিজ্ঞতা থেকে দেখেছি শুধু হরতালই নয়, কোন বাধাই বইমেলার প্রাণের স্পন্দন থামাতে পারেনি- কথাগুলো বলছিলেন কবি নুরুল হুদা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Feb 2011, 02:53 PM

Updated : 24 Aug 2022, 02:28 PM

ঢাকা, ফেব্র"য়ারি ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাঙালি সংস্কৃতির মেলবন্ধন এই বইমেলা। আমার অভিজ্ঞতা থেকে দেখেছি শুধু হরতালই নয়, কোন বাধাই বইমেলার প্রাণের স্পন্দন থামাতে পারেনি- কথাগুলো বলছিলেন কবি নুরুল হুদা। সোমবার বিরোধী দলের ডাকা হরতালেও বইমেলায় বইপ্রেমীদের উপস্থিতিতে কোনো কমতি দেখেননি তিনি। কবি নুরুল হুদা প্রতিদিনই মেলায় আসেন। বইমেলার প্রবেশমুখে দর্শণার্থীদের দীর্ঘ সারি দেখে কবি নুরুল হুদার কথার প্রমাণ পাওয়া যায়। এই কবি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বাংলা একাডেমী সবার প্রতিষ্ঠান। এখানে সবার স্বতঃফূর্ত উপস্থিতি লক্ষণীয়।" স্টলগুলোয় বই বিক্রেতা আর মেলায় আগতরাও বললেন একই কথা। এই প্রাণের মেলায় বই বিক্রি কিংবা চলাফেরা করার ক্ষেত্রে আগের দিনগুলোর চেয়ে কোনো ব্যতিক্রম লক্ষ্য করেননি তারা। বিদ্যা প্রকাশের স্টলের বিক্রেতা পার্থ সারথি পাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বই বিক্রিতে কোন কমতি নেই তাদের। মেলার অন্যান্য দিনের মতো সমানতালেই বই বিক্রি করছেন তারা। বইমেলা শুরু হওয়ার পর সপ্তম দিন পর্যন্ত তিনবার মেলায় এসেছেন মিরপুরের আলতাফ হোসেন। প্রাণের মেলায় আসতে কোন কিছু বাধা হতে পারে না মন্তব্য করে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "হরতাল কোন কিছুরই সমাধান নিয়ে আসে না। যারাই হরতাল ডাকুক তা সমর্থনযোগ্য হতে পারে না। হরতালের এই সংস্কৃতি থেকে বের হয়ে আসা উচিত।" বইমেলার সাতদিন বইমেলায় সাত দিনে বইয়ের প্রকাশনা সংখ্যা কম হলেও বিক্রির সংখ্যা অনেক বেশি। এবার বই প্রকাশিত হয়েছে গতবারের চেয়ে কম তবে বিক্রি হয়েছে বেশি। সোমবার বাংলা একাডেমীর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত বছর সাত দিনে বই বিক্রি হয়েছিল ৯ লাখ ৬৮ হাজার ৩৯৬ টাকার। আর এ বছর বই বিক্রি হয়েছে ১২ লাখ ৩০ হাজার ৮৩৮ টাকার। সাতদিনে মেলায় নতুন বই এসেছে ৫৫১টি। যা গতবছরের চেয়ে ২৪০টি কম। সাতদিনে প্রকাশিত বইয়ের মধ্যে গল্প ৬৬টি, উপন্যাস ১০৬টি, প্রবন্ধ ৫৮টি, কবিতা ৯৯টি, গবেষণা ১৭টি, ছড়া ২১টি, শিশুসাহিত্য ১৫টি, জীবনী/স্মৃতিচারণ ২১টি, ভাষা আন্দোলন/মুক্তিযুদ্ধ ১৮টি, নাটক ৫টি, গণিত/বিজ্ঞান ১২টি, ভ্রমণ ১৫টি, ইতিহাস ২টি, রাজনীতি ৯টি, চিকিৎসা/স্বাস্থ্য ১০টি, রম্য/ধাঁধা ১২টি, ধর্মীয় ২টি, অনুবাদ ৬টি, অভিধান ১টি, সায়েন্স ফিকশন/গোয়েন্দা ১৭টি এবং অন্যান্য ৩৯টি। সোমবার বইমেলায় আরো ৮৬টি নতুন বই এসেছে। আর মোড়ক উন্মোচন করা হয়েছে পাঁচটি নতুন বইয়ের। এরমধ্যে গল্প ১৫টি, উপন্যাস ১৫টি, প্রবন্ধ ৫টি, কবিতা ১৬টি, গবেষণা ৪টি, ছড়া ৫টি, শিশুসাহিত্য ১টি, জীবনী/স্মৃতিচারণ ৪টি, ভাষা আন্দোলন/মুক্তিযুদ্ধ ৩টি, বিজ্ঞান ১টি, ভ্রমণ ৫টি, চিকিৎসা/স্বাস্থ্য ২টি, রম্য/ধাঁধা, অনুবাদ ২টি, সায়েন্স ফিকশন/গোয়েন্দা ৩টি এবং অন্যান্য ৫টি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ কেএমএস/২০৪৯ ঘ.