২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে বার্ড ফ্লু

নারায়ণগঞ্জ সদর উপজেলায় দু'টি মুরগি খামারে বার্ড ফ্লু'র সংক্রমণ ধরা পড়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Feb 2011, 02:44 PM

Updated : 24 Aug 2022, 02:28 PM

নারায়ণগঞ্জ, ফেব্র"য়ারি ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জ সদর উপজেলায় দু'টি মুরগি খামারে বার্ড ফ্লু'র সংক্রমণ ধরা পড়েছে। সোমবার সকাল পর্যন্ত উপজেলার সিদ্ধিরগঞ্জের মিজমিজি বাতেনপাড়া এলাকার ওই দুই খামারের প্রায় দুইশ' মুরগি মারা যায়। উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের কর্মকর্তারা মৃত মুরগির নমুনা পরীক্ষার জন্য ঢাকা কেন্দ্রীয় পশুরোগ গবেষণাগারে পাঠায়। সেখান থেকে বার্ড ফ্লু সংক্রমণ নিশ্চিত করা হয়। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ পেলে সোমবার রাতেই আক্রান্ত ওই দুই খামারের প্রায় সাড়ে আট হাজার মুরগি নিধন করা হবে বলে জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা একেএম আরিফুল ইসলাম জানান। আরিফুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মিজমিজি বাতেন পাড়া এলাকার আব্দুল হাই ও ইউনুস মিয়ার দু'টি খামারে কয়েক দিন ধরে মুরগি মরতে শুরু করে। বিষয়টি তারা উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরে জানালে ঢাকা থেকে নমুনা পরীক্ষা করিয়ে বার্ড ফ্লু সংক্রমণ নিশ্চিত করা হয়। "আক্রান্ত দুই খামারের এক কিলোমিটার এলাকা থেকে যাতে কোনো মুরগি বাইরে যেতে এবং বাইরে থেকে ভেতরে আসতে না পারে তার ব্যবস্থা করা হয়েছে," বলেন তিনি। ওই দুই খামারে প্রায় সাড়ে আট হাজার মুরগি রয়েছে বলে ওই কর্মকর্তা স্বীকার করেন। তিনি আরো বলেন, মুরগি নিধন করার নির্দেশ হাতে আসার পরপরই সব মুরগি মেরে মাটিচাপা দেওয়া হবে। ওই খামারের ব্যবহৃত সব জিনিসপত্র আগুনে পুড়িয়ে ফেলা হবে বলেও তিনি জানান। খামার মালিকদের দাবি, ওই দুই খামারে প্রায় ১৫ লাখ টাকার মুরগি রয়েছে। সিদ্ধিরগঞ্জ থানার ওসি এস এম বদরুল আলম বলেন, জেলা প্রাণিসম্পদ অধিদপ্তর থেকে বিষয়টি থানায় জানানো হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোতাহার হোসেন বলেন, বার্ড ফ্লুতে আতঙ্কিত হওয়ার কিছু নেই। রোগ যাতে অন্য খামারে ছড়িয়ে না পরে সেজন্য ব্যবস্থা নেওয়া হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২০৩১ ঘ.