ঢাকা, ফেব্র"য়ারি ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হরতালের সমর্থনে মিছিলের সময় দেশের বেশ কয়েকটি স্থানে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া হয়েছে। এতে একজন সংসদ সদস্য আহত হয়েছেন।
ঝিনাইদহে বিএনপির মিছিলে ছাত্রলীগ ও যুবলীগের হামলার অভিযোগ এসেছে।
বিভিন্ন জেলায় সংঘর্ষে অর্ধশতাধিক আহত হয়েছেন। এছাড়া আটক করা হয়েছে অন্তত ৫৩ জনকে।
আড়িয়ল বিলে বিমানবন্দর নিয়ে সহিংস ঘটনায় খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা প্রত্যাহার, পুঁজিবাজারে অস্থিরতার জন্য দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধসহ কয়েকটি দাবিতে প্রধান বিরোধী দল বিএনপি সোমবার সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল ডাকে।
হরতালে বিভিন্ন স্থানেই বিএনপির মিছিলে পুলিশ বাধা দিয়েছে বলে অভিযোগ এসেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের চট্টগ্রাম অফিস জানায়, চট্টগ্রামে বিএনপির ডাকা হরতালের সমর্থনে কোথাও কোনো পিকেটিং হয়নি।
সোমবার হরতাল চলাকালে চট্টগ্রাম বন্দরে পণ্য ওঠা-নামা স্বাভাবিক থাকলেও কোনো পণ্য খালাস হয়নি। রেল ও বিমান চলাচল ছিল স্বাভাবিক। তবে চট্টগ্রাম থেকে দূরপাল্লার কোনো বাস ছেড়ে যায়নি।
দুপুর ১২টার পর থেকে নগরীর বিভিন্ন সড়কে সব ধরণের যানবাহন চলাচল করে। যানবাহনের সংখ্যা স্বাভাবিকের চেয়ে কম থাকায় দুর্ভোগে পড়তে হয়েছে নগরবাসীকে।
স্থানীয় বিএনপি নেতা-কর্মীরা জানান, হরতাল চলাকালে সকাল সাড়ে ৯টা থেকে নাসিমন ভবনে দলীয় কার্যালয়ের সামনে বিএনপি নেতা-কর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে জড়ো হতে থাকেন। তবে পুলিশের বাধার কারণে কেউ কার্যালয়ে প্রবেশ করতে পারেনি বলে অভিযোগ করেন নেতৃবৃন্দ ।
পরে নগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরীর নেতৃত্বে নেতা-কর্মীরা দলীয় কার্যালয়ের বিপরীতে এমএ আজিজ স্টেডিয়াম মার্কেট চত্বরে অবস্থান নেয় এবং সমাবেশ করে।
সমাবেশ চলাকালে দলীয় কার্যালয়ের সামনে অনেক রিকশা ও হালকা যানবাহন চলাচল করতে দেখা গেছে।
চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি) এর কোতোয়ালী অঞ্চলের সহকারী কমিশনার (এসি) জেদান আল মুসা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, "হরতালে কোথাও কোনো পিকেটিং হয়নি।"
চট্টগ্রাম বন্দর সচিব সৈয়দ ফরহাদ উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, "বন্দরে জাহাজ থেকে পণ্য ওঠা-নামা হয়েছে।"
রাজশাহী প্রতিনিধি জানান, নগরীর বিভিন্ন স্থানে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের বিক্ষিপ্ত সংঘর্ষে একজন সাংবাদিকসহ ১০ জন আহত হয়েছে।
তবে বিএনপি দাবি করেছে, পুলিশের লাঠিপেটায় তাদের ১৫/২০ নেতাকর্মী আহত হয়েছে।
বেলা সাড়ে ১০টার দিকে নগরীর ভুবন মোহন পার্ক থেকে বিএনপির যুগ্ম-মহাসচিব ও নগর বিএনপির সভাপতি মিজানুর রহমান মিনুসহ কয়েকজন নেতার নেতৃত্বে নগরীতে একটি মিছিল বের হয়। মিছিলটি রাজশাহী কলেজ চত্বরে পথসভার প্রস্তুতি নিলে পুলিশ বাধা দেয়।
ওই সময় নেতাকর্মীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া এবং ইটপাটকেল ছোড়াছুড়ি হয়। পুলিশ লাঠিপেটা করে তাদের ছত্রভঙ্গ করার সময় এনটিভির ক্যামেরাম্যান রুবেল, বিএনপিকর্মী আব্দুল ওয়াদুদ বাবলু, মুরাদ হোসেনসহ ৭/৮ জন আহত হয়। এ সময় তিন বিএনপি কর্মীকে আটক করে পুলিশ। তবে তাদের নাম পাওয়া যায়নি।
বোয়ালিয়া থানার ওসি শাহাদত হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাজশাহী কলেজ এলাকায় পিকেটাররা পুলিশের ওপর হামলা এবং বিশৃঙ্খলার চেষ্টা করে। তবে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এসময় সেখান থেকে তিন জনকে আটক করা হয়।
বেলা সাড়ে ১১টার দিকে জেলা বিএনপির সভাপতি নাদিম মোস্তফার নেতৃত্বে নেতাকর্মীরা নগরীর সোনাদিঘী মোড় থেকে মিছিল বের করার চেষ্টা করে। এসময় পুলিশ পিছন থেকে তাদের ধাওয়া করে ছত্রভঙ্গ করে দেয়। এসময় কয়েকজন কর্মী আহত হয়।
আহতদের মধ্যে রয়েছেন- বিএনপি নেতা শফিকুল হক মিলন, মোসাদ্দেক হোসেন বুলবুল, কাউন্সিলর নুরুজ্জামান মন্টু ও বজলুল হক, মহিলা দলের নেত্রী কাজী হেনা, রওশন আরা পপি, বেলী, রাজিব, মুরাদ, সেলিনা, শামসুন্নাহার প্রমুখ।
এর আগে সকালে রাজশাহী বিশ্ববিদ্যালয় এলাকায় পুলিশের সাথে ছাত্রদল নেতাকর্মীদের সংঘর্ষের সময় পুলিশ সেখান থেকে ছাত্রদলের আহ্বায়ক আরাফাত রেজা আশিকসক ১২ জনকে আটক করে।
খুলনা প্রতিনিধি জানান, সকাল সাড়ে ১০টার দিকে নগরীর রূপসা ট্রাফিক আইল্যান্ড মোড়ে হরতাল সমর্থনকারীদের মিছিলে পুলিশ লাঠি চালায়। এতে কমপক্ষে ২৫ জন আহত হয়।
গুরুতর আহত তিনজনকে খুলনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরা হলেন- বিএনপি সমর্থক কাউন্সিলর রোকেয়া ফারুক, সাবেক কাউন্সিলর হোসনে আরা বেগম চাঁদনী ও ইউসুফ হারুন মজনু।
খুলনা সদর থানার ওসি মুনীর-উল-গীয়াস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রূপসা ট্রাফিক মোড়ে টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করার সময় বিএনপির এক কর্মীকে আটক করা হলে অন্যান্যরা তাকে জোর করে ছাড়িয়ে নেয়ার চেষ্টা করে। এসময় পুলিশ মৃদু লাঠিচার্জ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়।
সিলেট প্রতিনিধি জানান, কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই সিলেটে হরতাল পালিত হয়েছে। দূর পাল্লার কোনো বাস সিলেট থেকে ছেড়ে না গেলেও ট্রেন চলাচল স্বাভাবিক ছিলো।
হরতাল চলাকালে সিলেটের ওসমানীনগর থেকে পিকেটিংকালে দুজনকে আটক করেছে পুলিশ। জেলার আর কোথাও কোন আটক নেই বলে জানিয়েছেন সিলেটের পুলিশ সুপার সাখাওয়াত হোসাইন।
সকাল থেকে সিলেট নগরীর কোর্ট পয়েন্ট, বন্দরবাজার পয়েন্ট, জিন্দাবাজার ও আম্বরখানা, হুমায়ুন রশিদ চত্বর এলাকায় পিকেটিং করার চেষ্টা করে বিএনপি নেতাকর্মীরা। তবে র্যাব-পুলিশের বাধার মুখে তারা ব্যর্থ হয়।
সিলেট রেলওয়ের স্টেশন ব্যবস্থাপক কবির হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকাল সাড়ে ৭টায় সিলেট থেকে জয়ন্তিকা এক্সপ্রেস ঢাকার উদ্দেশ্যে ও দুপুর ১২ টায় পাহাড়িকা এক্সপ্রেস চট্রগ্রামের উদ্দেশ্যে ছেড়ে গেছে।
বরিশাল প্রতিনিধি জানান, নগরীতে রিকসা ও সিটি বাস চলাচল স্বাভাবিক ছিলো। দোকানপাট আংশিক বন্ধ ছিলো। অভ্যন্তরীণ ও দূরপাল্লার রুটে কোনো বাস চলাচল করেনি। তবে সকাল থেকে সব রুটে লঞ্চ চলাচল করছে।
বিএনপি, যুবদল ও ছাত্রদল হরতালের সমর্থন বিভিন্ন স্থানে টায়ার জ্বালায়। নগরীর ঈশ্বরবসু রোডে তিনটি রিকশা ভাংচুর করে।
মহানগর পুলিশের সহকারী কমিশনার ছালেহউদ্দিন বলেন, নগরীর কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
হরতালে পক্ষে মিছিলের সময়ে রোববার বিকালে আটক বিএনপি ও ছাত্রদলের তিন নেতাকে কারাগারে পাঠানো হয়েছে।
আটককৃতরা হলেন- বিএনপি নেতা মো. মোশারেফ হোসেন, দুই ওয়ার্ড ছাত্রদলের সভাপতি মো. রফিকুল আলম ও মো. নাজমুল হোসেন।
রংপুর প্রতিনিধি জানান, শহরের বড়বড় বিপণনী বিতালগুলো বন্ধ ছিলো। তবে কাঁচাবাজারসহ অন্যান্য দোকানপাট খোলা ছিলো । সকল শিক্ষা প্রতিষ্ঠান খোলা ছিলো এবং যথারীতি ক্লাস হয়েছে। ব্যাংক-বীমাসহ সকল সরকারি বেসরকারি কার্যালয় খোলা ছিলো। রিকশা ও অটোরিকশা ছাড়া অন্য কোনো যানবাহন চলাচল করেনি। হরতালের সময় জেলা বিএনপি শহরের গ্র্যান্ড হোটেল মোড়ের কার্যালয় থেকে দুপুর সাড়ে ১২টায় মিছিল বের করলেও পুলিশের বাধায় বেশি দূর যেতে পারেনি। পরে সেখানেই সমাবেশ করে তারা।
হরতালের সমর্থনে জাতীয়তাবাদী আইনজীবী সমিতি সকালে মিছিল ও সমাবেশ করেছে। মিছিলটি শহরের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে কাচারী বাজারে সমাবেশ করে।
অপরদিকে দুপুর সোয়া ১টার দিকে ছাত্রলীগ কারমাইকেল কলেজ চত্বরে হরতালবিরোধী মিছিল ও সমাবেশ করেছে।
হবিগঞ্জ প্রতিনিধি জানান, সকাল ৯টার দিকে শহরের চৌধুরী বাজারের কিবরিয়া সেতুর কাছে পিকেটারদের সঙ্গে পুলিশের সংঘর্ষ বাঁধে। কিছু সময় ধাওয়া-পাল্টা ধাওয়ার পর পুলিশ লাঠিপেটা করে বিএনপিকর্মীদের ছত্রভঙ্গ করে দেয়।
মিছিল থেকে হবিগঞ্জ পৌর বিএনপির সাধারণ সম্পাদক এনামুল হক সেলিমসহ তিনজনকে আটক করেছে পুলিশ।
পুলিশের কাজে বাধা দেওয়ায় তাদের আটক করা হয়েছে বলে হবিগঞ্জের ভারপ্রাপ্ত পুলিশ সুপার জিল্লুর রহমান সাংবাদিকদের জানিয়েছেন।
জয়পুরহাট প্রতিনিধি জানান, জেলা শহরে হরতালের সমর্থনে মিছিল বের করায় বিএনপির স্থানীয় সংসদ সদস্যসহ কমপক্ষে ২৫ জনকে লাঠিপেটা করে পুলিশ ।
সোমবার সকাল সাড়ে ১০টার দিকে শহরের কেন্দ্রীয় মসজিদ চত্ত্বর থেকে জয়পুরহাট-২ আসনের সংসদ সদস্য গোলাম মোস্তফার নেতৃত্বে বিএনপির দুই শতাধিক নেতাকর্মী মিছিল বের করে। মিছিলটি আলীশান মোড়ে যাওয়ার পর পুলিশ বাধা দেয়।
এসময় নেতাকর্মীরা পুলিশকে লক্ষ করে ইটপাটকেল নিক্ষেপ করে। এতে দুইজন পুলিশ সদস্য আহত হওয়ার পর পুলিশ বিএনপির নেতাকর্মীদের লাঠিপেটা করে।
লাঠিপেটায় গোলাম মোস্তাফসহ দলের কমপক্ষে ২৫ জন আহত হয়। আহতদের স্থানীয় কয়েটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ বিষয়ে জেলা পুলিশ সুপার মোজাম্মেল হক সাংবাদিকদের বলেন, "পুলিশের ওপর হামলা চালানোর পর বিএনপির নেতাকর্মীদের ধাওয়া করা হয়। এসময় কয়েকজন পড়ে গিয়ে আহত হতে পারে।"
সংসদ সদস্যসহ অন্যদের লাঠিপেটা করার বিষয়টি অস্বীকার করেন তিনি।
তবে গোলাম মোস্তাফা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "হরতালের সমর্থনে শান্তিপূর্ণভাবে মিছিল করছিলাম। এসময় পুলিশ অতর্কিত লাঠিপেটা শুরু করে। এতে আমিও আহত হয়েছি।"
নারায়ণগঞ্জ প্রতিনিধি জানান, হরতাল সমর্থনে শহরের ২নং রেলগেট এলাকায় বিএনপির নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল বের করলে পুলিশি বাধার মুখে ছত্রভঙ্গ হয়ে যায়। এসময় পুলিশের লাঠিপেটায় ১০ জন আহত হয়।
পরে বিএনপি নেতাকর্মীরা শহরের ডিআইটি বাণিজ্যিক এলাকায় দলীয় কার্যালয়ে অবস্থান নিলে বিপুল সংখ্যক পুলিশ সকাল সাড়ে ১০টা পর্যন্ত তাদের অবরুদ্ধ করে রাখে।
নরসিংদী প্রতিনিধি জানান, হরতাল সমর্থকদের সঙ্গে পুলিশের সংঘর্ষে সাংবাদিক ও তিন পুলিশসহ প্রায় ১৪ জন আহত হয়। আটক করা হয় পাঁচ বিএনপি কর্মীকে।
সোমবার সকালে জেলা বিএনপি সভাপতি খায়রুল কবির খোকনের নেতৃত্বে তাঁর চিনিশপুরস্থ বাসভবন থেকে একটি মিছিল ঢাকা-সিলেট মহাসড়কে পৌঁছলে পুলিশ বাধা দেয়। এ সময় নেতা-কর্মীরা মহাসড়কে শুয়ে পড়লে পুলিশ তাদের সরানোর চেষ্টা করলে পুলিশের সঙ্গে তাদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
হরতাল সর্মথকদের এলোপাতারি ইটপাটকেল নিক্ষেপে এটিএন বাংলার ক্যামেরা ভেঙ্গে যায় এবং এটিএন বাংলার নরসিংদী প্রতিনিধি বেনজির আহমেদ বেনু এবং তিন পুলিশ আহত হয়।
এছাড়া আহতদেরকে নরসিংদী জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঝিনাইদহ প্রতিনিধি জানান, হরতালের সমর্থনে জেলা বিএনপি সকাল সাড়ে ৭টায় শহরে মিছিল বের করে। পোস্ট অফিস মোড়ে ছাত্রলীগ ও যুবলীগ পাল্টা মিছিল নিয়ে এসে হামলা চালায়। এতে চার জন আহত হয়েছে।
আহতরা হলেন- বিএনপির জেলার যুগ্ম সম্পাদক এমএ মজিদ, পৌর বিএনপির যুগ্ম সম্পাদক মোকাররম হোসেন, কর্মী শামীম ও সাঈদ। তাদের সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বেলা ১১টায় সংবাদ সম্মেলন করে এ হামলার প্রতিবাদ করে বিএনপি।
দিনাজপুর প্রতিনিধি জানান, সকাল ১০টায় শহরের গনেশতলায় বিএনপি কার্যালয়ের সামনে পিকেটিংয়ের চেষ্টা করলে পাঁচ নারী নেতা-কর্মীকে আটক করে পুলিশ। এদের মধ্যে রয়েছেন সাবেক মহিলা সংসদ সদস্য রেজিনা ইসলাম ও দিনাজপুর পৌর কাউন্সিলর শাহিনা সুলতানা বিউটি, মহিলা দলের সদস্য আফরোজা খাতুন ও সাহারা খাতুন।
কোতোয়ালি থানার ওসি শামিম ইকবাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, হরতালের নামে সড়কে বিশৃঙ্খলা সৃষ্টির কারণে আটক করা হয়েছে। আটক পাঁচজনকে থানায় রাখা হয়েছে।
বগুড়া প্রতিনিধি জানান, হরতালে পিকেটিংয়ের সময় জেলা শহরে এক জনকে আটক করেছে পুলিশ। সহিংসতা এড়াতে বিভিন্ন পয়েন্টে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।
আটককৃত সোহেল সোহেল সরকার খান্দার পুরাতন বাস স্ট্যান্ড এলাকার রফিকুল ইসলামের ছেলে।
বগুড়ার সদর থানার সহকারী উপপরিদর্শক রোকসানা আক্তার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সোমবার সকাল ৯টার দিকে খান্দার এলাকা থেকে পিকেটিং করার সময় সোহেল সরকারকে আটক করে থানা হাজতে পাঠানো হয়।
মানিকগঞ্জ প্রতিনিধি জানান, হরতালের সহিংসতা এড়াতে পুলিশ রোববার গভীর রাতে মানিকগঞ্জে বিএনপি ও শ্রমিক দলের চার নেতা কর্মীকে আটক করেছে।
আটককৃতরা হলো- জেলা শ্রমিকদলের সাবেক সাধারণ সম্পাদক মো. মাসুদ রানা, সদস্য মো. গোলাম কিবরিয়া টিপু, বিএনপিকর্মী আলী নুর হোসেন ও নুর মোহাম্মদ।
মানিকগঞ্জ সদর থানার ওসি আবু তাহের মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, হরতালে সহিংসতা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে তাদের আটক করা হয়েছে।
সিরাজগঞ্জ প্রতিনিধি জানান, বিএনপি কর্মীরা সকালে শহরের খেদন সর্দারের মোড়ে দুটি ট্রাক, খাদ্যগুদামের সামনে একটি ট্রাক ও পিডিবি অফিসের সামনে দুটি সিএনজি অটো রিকশা ভাঙচুর করে।
কিশোরগঞ্জ প্রতিনিধি জানান, ১০টার দিকে শহরের সিদ্ধেশ্বরী এলাকায় ছাত্রদলের একটি মিছিল পুলিশের লাঠিপেটায় ছত্রভঙ্গ হয়ে যায়। পিকেটিংয়ের অভিযোগে পুলিশ শহরের বিভিন্ন স্থান থেকে বিএনপির ৬ কর্মীকে আটক করেছে।
চাঁদপুর প্রতিনিধি জানান, চাঁদপুর-লক্ষ্মীপুর সড়কের ফরিদগঞ্জ উপজেলার গৃদকালিন্দিয়া বাজারে বিএনপি নেতা-কর্মীরা টায়ার জ্বালিয়ে হরতালের সমর্থনে সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত সড়ক অবরোধ করে। খবর পেয়ে পুলিশ এসে অবরোধকারীদের ধাওয়া করে।
ফরিদগঞ্জ থানার উপপরিদর্শক মো. আলমগীর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, হরতালের নামে টায়ার জ্বালিয়ে সড়কে প্রতিবন্ধকতার সৃষ্টিকালে বিএনপি নেতা-কর্মীদের ধাওয়া করে পুলিশ।
বরগুনা প্রতিনিধি জানান, বেলা ১২টার দিকে পাবনার সরকারী এডওয়ার্ড বিশ্ববিদ্যালয় কলেজ এলাকা, কেন্দ্রীয় বাস টার্মিনাল, রাধানগর ও নুরপুর এলাকায় সাতটি গাড়ি ভাংচুর করা হয়। হরতালের সময় বিএনপি অফিস ঘিরে রাখে পুলিশ। ফলে কোন মিছিল বের হতে পারেনি।
জামালপুর প্রতিনিধি জানান, পিকেটিং করার সময় বিএনপির নেতা-কর্মীদের দফায় দফায় ধাওয়া করে পুলিশ।
বেলা ১১টায় বিএনপির নেতাকর্মীরা শহরের গেইটপাড় এলাকায় অবস্থান নিলে পুলিশ তাদের ধাওয়া করে ছত্রভঙ্গ করে দেয়। পরে বিএনপির নেতা-কর্মীরা জেলা বিএনপির কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে সমাবেশ করে।
হরতালে দুরপাল্ল
bdnews24