২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হরতালে বইমেলা যথারীতি চলবে

বিএনপি সোমবার দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতাল ডাকলেও অমর একুশে গ্রন্থমেলা পূর্বনির্ধারিত সময় অনুযায়ী যথারীতি চলবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Feb 2011, 05:21 PM

Updated : 24 Aug 2022, 02:27 PM

ঢাকা, ফেব্র"য়ারি ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপি সোমবার দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতাল ডাকলেও অমর একুশে গ্রন্থমেলা পূর্বনির্ধারিত সময় অনুযায়ী যথারীতি চলবে। বাংলা একাডেমীর জনসংযোগ বিভাগের উপ-পরিচালক মুর্শিদ আনোয়ার রোববার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে একথা জানিয়েছেন। "সকাল থেকে হরতাল হলে বিকালের দিকে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে। তাই বইমেলা আগের সময় বিকাল ৩টায় শুরু হবে", বলেন তিনি। এদিকে রোববার বইমেলায় আরো ৯৭টি নতুন বই এসেছে। আর বাংলা একাডেমীর নজরুল মঞ্চে ৬টি নতুন বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে। বাংলা একাডেমীর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নতুন আসা বইয়ের মধ্যে উপন্যাস ২৪টি, কবিতা ২৩টি, গল্প ৮টি, প্রবন্ধ ৭টি, জীবনী ও স্মৃতিচারণ ৬টি, ভ্রমণ কাহিনী ৪টি এবং রম্য ৫টি। নতুন আসা বইয়ের মধ্যে রয়েছে আফসার ব্রাদার্স থেকে কাসেম বিন আবু বকরের উপন্যাস 'জানি তুমি আসবে', বিদ্যা প্রকাশ থেকে জুলফিয়া ইসলামের প্রবন্ধ 'বিয়ে বিশ্বস্ততা ও দায়বদ্ধতা', পার্ল পাবলিকশেন্স থেকে মোস্তফা কামালের রম্যরচনা 'পাগল ছাগল ও গাধা সমগ্র', সূচীপত্র থেকে লিলি আরা রহমানের উপন্যাস 'আমি ভালোবাসি', এশিয়া পাবলিকেশন্স থেকে আনু মাহমুদের প্রবন্ধ 'বাংলাদেশের শিল্প-কৃষি ও অর্থনীতি, অনন্যা থেকে ইমদাদুল হক মিলনের উপন্যাস 'বৃষ্টি নেমেছিল', সময় প্রকাশন থেকে জাকারিয়া স্বপনের সায়েন্স ফিকশন 'জেসিকা', ঐতিহ্য থেকে জিয়া হাসানের গল্পগ্রন্থ 'খেয়ালি ভূঁই ও তার ফসল বিন্যাস' ও ইত্যাদি প্রকাশন থেকে সেলিনা হোসেনের উপন্যাস 'যমুনা নদীর মুশায়ারা'। মোড়ক উন্মোচন করা নতুন বইয়ের মধ্যে রয়েছে- কক্সবাজার সাহিত্য সংসদ থেকে আবদুল হাকিমের 'ছড়ায় ছড়ায় কষ্ট ঝড়াই', জাতীয় সাহিত্য প্রকাশনী থেকে প্রত্যয় আজাদের 'রক্তের মিছিল', সৈয়দা আফিয়াত হাসিন 'নিসর্গ' ও জ্যোতি প্রকাশ নূর-উল আলমের 'দংশন'। মেলার মূলমঞ্চে রোববার বিকালে বইমেলার মূলমঞ্চে 'রবীন্দ্রনাথের কৃষি, সমবায় এবং গ্রামোন্নয়ন চিন্তা' শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন কথা সাহিত্যিক হাসনাত আবদুল হাই। রবীন্দ্রসংগীত বিশেষজ্ঞ ড. আনিসুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ নেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আবদুস সাত্তার মন্ডল, বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান, বাংলাদেশ কৃষি ব্যাংকের চেয়ারম্যান খোন্দকার ইব্রাহিম খালেদ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মুহাম্মদ সামাদ। সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানে রবীন্দ্র সংগীত পরিবেশন করেন শিল্পী রোকাইয়া হাসিনা, ফাহিম হোসেন চৌধুরী, মহিউজ্জামান চৌধুরী ও অদিতি মহসিন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/১৩২০ ঘ.