ঢাকা, ফেব্র"য়ারি ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সেনাকর্মকর্তাদের আবাসন প্রকল্পের জমি কেনাকে কেন্দ্র করে নারায়নগঞ্জের রূপগঞ্জে সংঘটিত সহিংসতায় মৌলিক মানবাধিকার, স্বচ্ছতা ও জবাবদিহিতা লঙ্ঘিত হয়েছে বলে মন্তব্য করেছে আট বেসরকারি সংস্থা।
সেইসঙ্গে আর্মি হাউজিং স্কিম প্রকল্প বাতিল এবং ওই ঘটনার নিরপেক্ষ ও বিচার বিভাগীয় তদন্তের দাবি জানানো হয়।
রাজধানীর ব্র্যাক সেন্টারে 'ভূমি যার,অধিকার তার- প্রেক্ষিত রূপগঞ্জ: চাই আইনের সঠিক প্রয়োগ,স্বচ্ছতা ও মানবাধিকারের নিশ্চয়তা' বিষয়ক এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল, অ্যাকশন এইড, আইন ও সালিশ কেন্দ্র, বাংলাদেশ পরিবেশ আইনজীবি সমিতি (বেলা), বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট), মানুষের জন্য ফাউন্ডেশন, নিজেরা করি ও এএলআরডি এর আয়োজন করে।
সেনাবাহিনীর আবাসন প্রকল্পের জমি কেনাকে কেন্দ্র করে গত বছরের ২৩ অক্টোবর নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়ায় আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সঙ্গে এলাকাবাসীর সংঘর্ষে একজন নিহত হন। অন্তত ১০ জন গুলিবিদ্ধসহ আহত হন অর্ধশতাধিক। নিখোঁজ রয়েছেন তিনজন।
সংঘর্ষের ঘটনায় র্যাব ও পুলিশ কয়েকজনের নাম উল্লেখসহ অজ্ঞাত কয়েক হাজার মানুষকে আসামি করে দুটি মামলা করে।
সংস্থাগুলোর পক্ষে এক লিখিত বিবৃতিতে তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা এবং আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক সুলতানা কামাল বলেন, "রূপগঞ্জে সংঘটিত সহিংসতায় সাংবিধানিক অধিকার লঙ্ঘিত হয়েছে। স্বচ্ছ প্রক্রিয়ায় প্রকল্পের অনুমোদন হয়নি। অর্থনৈতিক, সামাজিক ও পরিবেশগত প্রভাব বিবেচিত হয়নি।
"রূপগঞ্জের কথিত 'আর্মি হাউজিং স্কিম প্রকল্প'র স্বপক্ষে প্রয়াজনীয় অনুমোদন প্রক্রিয়া অনুসরণ না করে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছ থেকে অনুমোদন নেওয়া হয়েছে। তাই জনস্বার্থে বিষয়টির স্থায়ী নিষ্পত্তি জরুরি।"
বিবৃতিতে আরো বলা হয়, রূপগঞ্জে হতাহতের ঘটনা, এর নিরপেক্ষ তদন্ত না হওয়া এবং দোষীদের আইনি প্রক্রিয়ার মুখোমুখি না করা সাংবিধানিকভাবে স্বীকৃত মৌলিক অধিকার অস্বীকার করার শামিল।
নিখোঁজ তিনজনের সন্ধান নিশ্চিত করে আইনের শাসনের প্রতি সেনাবাহিনী, র্যাব ও অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থার শ্রদ্ধাশীলতার প্রমাণ দেওয়ারও দাবি জানানো হয় সংবাদ সম্মেলনে।
এ ছাড়া ওই ঘটনা সংশ্লিষ্ট সব বিষয়ে ন্যায়বিচার নিশ্চিত করতে ৯ দফা সুপারিশ তুলে ধরে বলা হয়, রূপগঞ্জ থানার কায়েতপাড়া ও রূপগঞ্জ ইউনিয়নের জনমতের বিরুদ্ধে কোনো প্রকল্প বাস্তবায়ন না করে জনগণের মৌলিক অধিকারসমূহ, বিশেষ করে ভূমি যার, অধিকার তার- এই সত্যকে সমুন্নত রাখতে হবে।
রূপগঞ্জের সহিংসতায় নিহত জামাল হায়দারের বাবা আব্দুর রফিক সংবাদ সম্মেলনে ক্ষোভ প্রকাশ করে বলেন, "আমার ছেলেরে শুধু সেনাবাহিনীই গুলি কইরা মারছে। কিন্তু কোনো সাংবাদিক বলেনি এই কথা। কারও কি এ সৎ সাহস ছিলনা। আপনাদের কাছে অনুরোধ সত্য কথাটা লেখেন। আমি ছেলে হত্যার বিচার চাই। কিন্তু বিচার চাইব কার কাছে?"
গত বছর রূপগঞ্জে সংঘর্ষের ঘটনায় নিহত হন আব্দুর রফিকের একমাত্র সন্তান জামাল হায়দার। ওই ঘটনায় এখনও নিঁেখাজ রয়েছেন সাইদুল ইসলাম, সমশের আলী মোল্লা ও আব্দুল আলীম মাসুদ।
সংবাদ সম্মেলনে অ্যাকশন এইড বাংলাদেশ এর কান্ট্রি ডিরেক্টর ফারাহ কবির, এএলআরডি'র নির্বাহী পরিচালক শামসুল হুদা, বাংলাদেশ পরিবেশ আইনজীবি সমিতি (বেলা) এর নির্বাহী পরিচালক রিজওয়ানা এম হাসান, বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট) এর নির্বাহী পরিচালক মহসিন আলী খান, মানুষের জন্য ফাউন্ডেশন এর নির্বাহী পরিচালক শাহীন আনাম, নিজেরা করি'র সমন্বয়কারী খুশি কবির এবং ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এর নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএডি/এমএইচসি/এইচএ/২২২২ ঘ.
bdnews24