২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফেলানীর বাড়িতে স্বরাষ্ট্রমন্ত্রী

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে নিহত কুমিগ্রামের ফেলানীর বাড়ি গেলেন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Feb 2011, 01:47 PM

Updated : 24 Aug 2022, 02:28 PM

কুড়িগ্রাম, ফেব্র"য়ারি ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে নিহত কুমিগ্রামের ফেলানীর বাড়ি গেলেন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন। নাগেশ্বরী উপজেলার কলোনীটারী গ্রামে ফেলানীর বাড়ির আঙিনায় রোববার তিনি তার স্বজনদের সঙ্গে কথা বলেন। পরে প্রেস ব্রিফিংয়ে বক্তব্য দেন। মন্ত্রী দুপুর দেড়টা থেকে ২টা পর্যন্ত ওখানে অবস্থানকালে ফেলানীর বাবা নূরুল ইসলাম নুরুসহ তার স্বজনদের সঙ্গে কথা বলেন। মন্ত্রীকে পেয়ে ফেলানীর বাবাসহ স্বজনরা কান্নায় ভেঙে পড়েন। তিনি তাদের খোঁজখবর নেন, শান্তনা দেন ও সমবেদনা জানান। ফেলানীর পরিবারকে আর্থিক সহায়তা হিসেবে তার বাবার হাতে নগদ তিন লাখ টাকা তুলে দেন। এ সময় মন্ত্রী ফেলানীর মা ও ভাইবোনদের ভারত থেকে ফিরিয়ে আনারও আশ্বাস দেন। ফেলানীর মা জাহানারা ও অপর পাঁচ ভাইবোন থাকেন ভারতের আসাম রাজ্যের বনগাইগাঁও এলাকার টুনিয়ার বাজারে এক বস্তিতে। ফেলানীর কবর জিয়ারতও করেন সাহারা খাতুন। এরপর বাড়ির আঙ্গিনাতেই মন্ত্রী প্রেস ব্রিফিংয়ে বক্তব্য দেন। এখানে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সীমান্ত দুর্ঘটনা বন্ধে সরকার সবকিছু করবে। ইতোমধ্যে সীমান্ত পাহারায় নিয়োজিত ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীকে (বিএসএফ) রাবার বুলেট ব্যবহারের প্রস্তাব দেওয়া হয়েছে। ফেলানীর হত্যার প্রতিবাদ জানানো হয়েছে। এছাড়া ভারত সরকার ফেলানীর মৃত্যুর ঘটনায় দুঃখ প্রকাশ করেছে। গুলিবর্ষণের অভিযোগে দুই বিএসএফ জওয়ানকে বরখাস্ত করেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে স্বজনদের সমবেদনা জানাতে মন্ত্রী ফেলানীর বাড়ি যান বলে জানিয়েছেন। এ সময় মন্ত্রীর সঙ্গে ছিলেন- সাংসদ মো. জাফর আলী, একেএম মোস্তাফিজুর রহমান ও আহমেদ নাজমিন সুলতানা, স্বরাষ্ট্র সচিব আব্দুস সোবহান শিকদার, বর্ডার গার্ড বাংলাদেশ'র (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল মো. রফিকুল ইসলাম, পুলিশের মহাপরিদর্শক খন্দকার হাসান মাহমুদ, রংপুর বিভাগীয় কমিশনার জসীম উদ্দিন আহমেদ, পুলিশের রাজশাহী রেঞ্জের ডিআইজি সিদ্দিকুর রহমান, জেলা প্রশাসক মো. হাবিবুর রহমান ও পুলিশ সুপারিনটেনডেন্ট মো. মাহবুবুর রহমানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। এর আগে মন্ত্রী দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা থেকে হেলিকপ্টারে নাগেশ্বরী আসেন। নাগেশ্বরী হেলিপ্যাডে তিনি রেড ক্রিসেন্টের কম্বল বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন এবং দুইশ পরিবারের প্রত্যেককে দুইটি করে কম্বল দেন। বিজিবি'র রামখানা বিওপি পরিদর্শন শেষে বিকালে ঢাকা ফিরে যান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৯৪০ ঘ.