২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হেনার মৃত্যু: বিচার চেয়ে মানববন্ধন-সমাবেশ

ফতোয়াবাজদের দোররায় কিশোরী হেনার মৃত্যুর ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে শরীয়তপুরে নড়িয়া উপজেলায় মানববন্ধন ও সমাবেশ করেছে শিক্ষার্থীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Feb 2011, 01:11 PM

Updated : 24 Aug 2022, 02:27 PM

শরীয়তপুর, ফেব্র"য়ারি ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ফতোয়াবাজদের দোররায় কিশোরী হেনার মৃত্যুর ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে শরীয়তপুরে নড়িয়া উপজেলায় মানববন্ধন ও সমাবেশ করেছে শিক্ষার্থীরা। প্রত্যক্ষদর্শীরা জানান, স্থানীয় ব্র্যাক, নূসা, নড়িয়া সরকারী কলেজ, পঞ্চপল্লি গুরুরাম উচ্চ বিদ্যালয়, পঞ্চপল্লি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা শনিবার সকাল ১০টায় পঞ্চপল্লি গুরুরাম উচ্চ বিদ্যালয় মাঠে সমবেত হয়ে প্রথমে মানববন্ধন করে। পরে একই মাঠে প্রতিবাদ সমাবেশ শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে স্মারকলিপি দেয় তারা। স্থানীয় বাসিন্দারাও শিক্ষার্থীদের এই কর্মসূচিতে অংশ নেন। পঞ্চপল্লি গুরুরাম উচ্চ বিদ্যালয়ের ভারপাপ্ত প্রধান শিক্ষক আবুল হাসিন খান, চামটা ইউনিয়নের চেয়ারম্যান গিয়াস উদ্দিন রাঢ়ী, মানবাধিকার কমিশন শরীয়তপুর শাখার সভাপতি অ্যাডভোকেট রওশনারা বেগম, সুশাসনের জন্য নাগরিক শরীয়তপুর জেলা শাখার সাধারণ সম্পাদক আহসান উল্লাহ ইসমাইলী, ব্র্যাকের আইনজীবী অ্যাডভোকেট জাহিদ হাসান, অ্যাডভোকেট সাইদুর রহমান প্রমুখ সমাবেশে বক্তব্য রাখেন। নড়িয়া উপজেলার চামটা ইউনিয়নের চামটা গ্রামের দরবেশ খানের মেয়ে হেনা আক্তারকে (১৪) স্থানীয় সালিশে একশ দোররা (কঞ্চি দিয়ে পিটুনি) মারার এক সপ্তাহ পর ৩১ জানুয়ারি রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। চাচাতো ভাই মাহবুব হোসেনের সঙ্গে পরকীয়া সম্পর্কের অভিযোগে সালিশে তাদের দুজনকে ওই শাস্তি দেয় ফতোয়াবাজরা। অভিযোগ রয়েছে, সালিশে চামটা ইউনিয়ন পরিষদের এক সদস্য, গ্রাম্য মাতব্বর, মসজিদের ইমাম ও একটি মাদ্রাসার প্রধান শিক্ষক তাদের দোররা মারার আদেশ দেন। ঘটনার পর থেকে ইউপি সদস্য ইদ্রিস শেখ পলাতক রয়েছেন। এ ঘটনায় গত ১ ফেব্র"য়ারি পুলিশ চারজনকে গ্রেপ্তার করে। তারা জিজ্ঞাসাবাদে দোররা মারার বিষয়টি স্বীকার করে বলে জানিয়েছে পুলিশ। হেনার বাবা দরবেশ খান এ ব্যাপারে মাহবুব হোসেনকে (৩৫) প্রধান আসামি করে ১৮ জনের বিরুদ্ধে নড়িয়া থানায় একটি হত্যা মামলা করেছেন। নড়িয়া থানার ওসি আবুল খায়ের ফকির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "নতুন করে কাউকে গ্রেপ্তার করতে পারিনি। তবে আসামিদের গ্রেপ্তারে আমাদের তিনটি দল কাজ করছে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেবি/জেকে/১৯১২ ঘ.